কবি প্রণামে বিশেষ অনুষ্ঠান দক্ষিণ দমদমে, সংবর্ধিত বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী, রইল মাছে-ভাতে ভরপুর বাঙালিয়ানা
আজকাল | ০১ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দমদম বিধানসভার দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডে। অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মণ্ডল-৩-এর সহ-সভাপতি জয়ন্তী দাস। এদিনের অনুষ্ঠানে নবনির্বাচিত বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দমদমের মতিঝিলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এই বর্ণাঢ্য সংবর্ধনা ও রবীন্দ্রসন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অরিজিৎ বক্সী।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজনের দায়ত্বে ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবী ও বিজেপি নেত্রী জয়ন্তী দাস। নবনির্বাচিত বিধায়ককে বরণ করা হয় উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে স্মরণ করে আয়োজিত রবীন্দ্রসন্ধ্যায় সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘মাছে-ভাতে বাঙালি’ ভোজের আয়োজন। এলাকার বহু মানুষ এই ভোজে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর নিদর্শন গড়ে ওঠে। সুস্বাদু বাঙালি খাবারের স্বাদ সকলেই উপভোগ করেন। মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া, চাটনি পাপড় এবং মিষ্টি।
রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রী বিমলশঙ্কর নন্দ এবং মণ্ডল-৩-এর সভাপতি অনির্বাণ সমাজপতি। তাঁদের মূল্যবান উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করে। সমগ্র অনুষ্ঠানটি সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক চেতনা এবং জনসংযোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এলাকাবাসীর মনে বিশেষ স্থান করে নিয়েছে।