মেসি কাণ্ডে এবার আগাম জামিনের জন্য বারাসত আদালতে আবেদন জানালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। লিওনেল মেসির সফর ঘিরে কলকাতার যুবভারতীতে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন অরূপ। তাই আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
মেসির কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে। পরে তিনি জামিন পান। শতদ্রু দত্ত অরূপ সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। গত শনিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অরূপের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর করা হয়েছে। সেগুলি হল অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮ (২), প্রতারণা ৩১৮ (৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১ (২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১ (২)।
মেসি সফরের আয়োজনক শতদ্রু দাবি করেন, ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিট নিয়েছিলেন অরূপ বিশ্বাস। পরে সেগুলি কালোবাজারি করা হয়। তিনি আরও দাবি করেন, অরূপ-সহ প্রশাসনের কয়েক জনের ভুলের কারণে মেসির অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায়। অনুমতি ছাড়াও অনেকে মাঠে প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। দর্শকরা প্রায় কেউই মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে মেসিরা মাঠ ছাড়তে বাধ্য হন। সেই ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং আজ তার আগাম জামিনের আবেদন জানান তিনি।