• শুধু জবরদখল উচ্ছেদ নয়, ব্যবসায়ীদের সুবিধার্থে মালদহে বিকল্প উদ্যোগ রেলের
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • রাজ্যজুড়ে রেলের জমিতে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান ঘিরে যখন বহু জায়গায় ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভের ছবি সামনে আসছে, ঠিক তখনই মালদহ টাউন স্টেশনে দেখা গেল ভিন্ন চিত্র। স্টেশন চত্বরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করার পর ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ফলে পুনর্বাসনের সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু ব্যবসায়ী।

    রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মালদহ টাউন স্টেশনের সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের কাজ জোরকদমে চলছে। স্টেশনের প্রবেশদ্বার, পার্ক, রাস্তাঘাট-সহ গোটা চত্বরকে আরও আকর্ষণীয় ও যাত্রীবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই স্টেশনের মূল ফটকের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। জানা যায়, প্রায় পাঁচ দশক ধরে স্টেশনের সামনের অংশে চা, ফল, পান, খাবার-সহ বিভিন্ন ধরনের ছোট ব্যবসা চালিয়ে আসছিলেন বহু হকার ও দোকানদার।

    উচ্ছেদের পর তাঁদের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হলেও রেল কর্তৃপক্ষ বিকল্প জায়গায় অস্থায়ী দোকান বসানোর সুযোগ করে দেওয়ায় পরিস্থিতির অনেকটাই সমাধান হয়েছে। চা বিক্রেতা পঞ্চু রায় বলেন, “প্রায় ৫০ বছর ধরে ওই জায়গায় দোকান করছিলাম। উচ্ছেদের পর আমাদের নতুন জায়গা দেওয়া হয়েছে। আগের তুলনায় ক্রেতা কিছুটা কম হলেও রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ।”

    অন্যদিকে ব্যবসায়ী স্বাধীন দাস জানান, “এখানে চা, ফল, ভাত-রুটি, পান-সহ প্রয়োজনীয় নানা ধরনের দোকান রয়েছে। এতদিন স্টেশনের গেটের সামনে ব্যবসা করতাম। রেলের উন্নয়নমূলক কাজের জন্য সেই জায়গা ছাড়তে হয়েছে। তবে আমাদের বিকল্প জায়গা দেওয়া হয়েছে, তাই ব্যবসা চালিয়ে যেতে পারছি। প্রায় ৫০টি দোকান এখন এখানে রয়েছে। আগের মত বিক্রি না হলেও মোটামুটি ভালই চলছে।”

    বর্তমানে মালদহ টাউন স্টেশনের পাশেই টিনের অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা করছেন উচ্ছেদ হওয়া দোকানদাররা। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানের পর যেখানে পুনর্বাসনের দাবি জোরালো হচ্ছে, সেখানে মালদহে রেল কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলের কাছেও।
  • Link to this news (News18 বাংলা)