জুন মাসেই ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল! বাঁকুড়ার ৩ বিধানসভা নিয়ে বিরাট সিদ্ধান্ত, বড় ঘোষণা মন্ত্রীর
News18 বাংলা | ০১ জুন ২০২৬
: খাতড়া মহকুমার তিনটি বিধানসভা এলাকা তালডাংরা, রানিবাঁধ ও রাইপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হল। খাতড়া মহকুমা শাসকের সভাকক্ষে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক তাপস ভট্টাচার্য, রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র এবং রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পাশাপাশি বিভিন্ন দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলত এলাকার রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রানিবাঁধের বিধায়ক তথা মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, খাতড়া মহকুমা শহরে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী জুন মাসের মধ্যেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি ক্ষুদিরাম টুডু দুর্নীতির বিষয়েও কড়া বার্তা দেন। তিনি বলেন, এলাকার যেসব দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত করা হবে।
তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগের সরকারের সময় শুরু হওয়া যেসব কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেগুলির অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে আরও কী কী উন্নয়নমূলক কাজ করা যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা বলেন, মহকুমা স্তরে সমস্ত দফতরের আধিকারিক ও বাস্তুকারদের নিয়ে এটি প্রথম প্রশাসনিক বৈঠক। এলাকার পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন কীভাবে আরও ভালভাবে করা যায়, সেই বিষয়গুলিকেই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খাতড়া মহকুমার তিনটি বিধানসভা এলাকার উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই যৌথ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস এলাকাবাসীর প্রত্যাশা আরও বাড়িয়েছে। আগামী দিনে ঘোষিত প্রকল্পগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।