যাত্রী পরিষেবায় বড়সড় উন্নয়নের পথে মালদা ডিভিশন। ভারতীয় রেলের মালদা ডিভিশন ই-অকশনের মাধ্যমে পাঁচটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছে। এই উদ্যোগের মাধ্যমে মালদা টাউন ও নিউ ফারাক্কা স্টেশনে একাধিক আধুনিক সুযোগ-সুবিধা চালু করা হবে, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও সুবিধাজনক করে তুলবে।
রেলের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পগুলি থেকে বার্ষিক লাইসেন্স ফি বাবদ ২২ লক্ষ ৬৪ হাজার ১০২ টাকা এবং চুক্তির মেয়াদে মোট আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ১৫৬ টাকার রাজস্ব অর্জিত হবে।
পরিকল্পনা অনুযায়ী, মালদা টাউন স্টেশনের রিটায়ারিং রুম ও ডরমিটরির আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি নিউ ফারাক্কা স্টেশনে একটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এসি ওয়েটিং লাউঞ্জ তৈরি করা হচ্ছে, যেখানে যাত্রীরা অপেক্ষার সময় আরামদায়ক পরিবেশে বিশ্রাম নিতে পারবেন।
এছাড়াও মালদা টাউন স্টেশনে একটি প্রিমিয়াম রিটেইল স্টোর চালু করা হবে, যেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে স্টেশনে একটি আধুনিক মেডিকেল স্টোরও খোলা হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের ডিজিটাল প্রয়োজন মেটাতে একটি নতুন মোবাইল ও ডিজিটাল স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষের মতে, এই পরিষেবাগুলি চালু হলে যাত্রীরা স্টেশন চত্বরেই প্রয়োজনীয় ওষুধ, মোবাইল সামগ্রী এবং অন্যান্য জরুরি পরিষেবা সহজে পেয়ে যাবেন। ফলে অপেক্ষার সময় আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “রেলওয়ে স্টেশনগুলিকে শুধুমাত্র যাতায়াতের কেন্দ্র হিসেবে নয়, বরং আধুনিক ও বিশ্বমানের লাইফস্টাইল হাব হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”