• অভিষেক আক্রান্ত হওয়ার দিনে তিনিও আক্রান্ত, কিন্তু দল খোঁজ নেয়নি, শীর্ষ নেতৃত্বে রুষ্ট প্রাক্তন মন্ত্রী অরূপ
    এই সময় | ০১ জুন ২০২৬
  • সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিন আক্রান্ত হয়েছেন, সেই শনিবার তাঁর বাড়িতেও হামলা হয়েছে। তিনিও আক্রান্ত হয়েছেন। অথচ দলের শীর্ষ নেতৃত্ব তাঁর কোনও খোঁজ নেননি বলে অভিযোগ তুললেন মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। তাঁর অভিযোগ, দলের পক্ষ থেকে তাঁকে একবার ফোনও করা হয়নি। এ বিষয়ে জানতে ‘এই সময় অনলাইন' তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি কোনও মন্তব্যই করতে চাননি।

    অরূপের অভিযোগ, গত শনিবার মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফাস্ট বাই লেনে তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁর বাড়ির সামনের গোডাউন থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার মজুত রাখা ছিল বলে অভিযোগ তুলে এই হামলা করা হয়েছে। কিন্তু অরূপের দাবি, তিনি আগেই জেলাশাসককে ওই ত্রাণ সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সেই মতো প্রশাসনের তরফে যখন তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তাতে তিনি আক্রান্ত হয়েছেন বলেও দাবি করেছেন অরূপ।

    সোমবার নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন মন্ত্রী। সেখানে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘নীরবতা’র অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা আক্রান্ত এবং ঘর ছাড়া। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরে হামলা হয়েছে। এ বার তিনিও নিজেও বাদ গেলেন না বলেই দাবি অরূপের। তিনি বলেন, ‘দলের নিচুতলার কর্মীরা তো আক্রান্ত হচ্ছেনই। সাংসদ-বিধায়কেরাও বাদ যাচ্ছেন না। কিন্তু দল নীরব রয়েছে। নেতৃত্ব পাশে দাঁড়াচ্ছেন না।’ তাঁর সংযোজন, ‘আগেও দলের পরাজয় হয়েছে। কিন্তু তখনও আমরা বুক ফুলিয়ে রাজনীতি করেছি। রাস্তায় মিছিল, মিটিং করেছি। কোনও অসুবিধা হয়নি। অথচ আজকের মতো পরিস্থিতি আমি কোনও দিন দেখেননি।’

    ঘটনাচক্রে, গত শনিবার সোনারপুরে দলের মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তাঁর অভিযোগ, সেখানে তাঁকে মারধর করা হয়। ওই ঘটনার পর শনিবার রাতে অভিষেককে সোনারপুর থেকে নিয়ে আসার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে রাতে বাড়িতে ফেরানো পর্যন্ত সঙ্গেই ছিলেন মমতা। রবিবার হুগলির চণ্ডীতলায় কল্যাণ আক্রান্ত হওয়ার পরে তাঁর সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন দলনেত্রী। সেই আবহে শীর্ষ নেতৃত্ব তাঁর কোনও খোঁজ নেননি বলে যে অভিযোগ অরূপ করেছেন, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অরূপ জানিয়েছেন, শনিবারের ঘটনা নিয়ে তিনি থানায় অভিযোগ জানাবেন।

  • Link to this news (এই সময়)