• ‘সম্পর্ক ভালো না’, তবু জেলবন্দি অসিতের খোঁজে থানায় রচনা, বললেন, ‘মতবিরোধ রয়েছে কিন্তু...’
    এই সময় | ০২ জুন ২০২৬
  • প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক কখনই মসৃণ ছিল না। তিনি নিজেও সে কথা অস্বীকার করেন না। কিন্তু দলের দুর্দিনে সেই জেলবন্দি অসিতের খোঁজ নিতে থানায় চলে গেলেন চুঁচুড়ার তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন, জেলে যাওয়ার অনুমতি ছিল না। তাই থানায় গিয়ে প্রবীণ তৃণমূল নেতার খোঁজ নিয়েছেন। সাংসদ বলেন, ‘প্রাক্তন বিধায়কের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। মতবিরোধ রয়েছে। কিন্তু দল যখন সমস্যায়, আমি তখন বিচার করব না, কে আমাকে কটূ কথা বলেছে।’

    গত শনিবার সোনারপুরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে চুঁচুড়ায় গ্রেপ্তার হয়েছেন অসিত-সহ তৃণমূলের বেশ কয়েক জন। তাঁরা বর্তমানে জেল হেফাজতে। যখন দলীয় নেতাকর্মীদের পাশে না দাঁড়ানোর অভিযোগে দলের শীর্ষ নেতৃত্ব প্রতিদিন বিদ্ধ হচ্ছেন, সেই আবহে রচনার অসিতের পাশে দাঁড়ানোর বার্তা অনেকেরই নজর কেড়েছে। সাংসদ বলেন, ‘আমি ওঁদের সঙ্গে আছি। আগামী দিনে যাতে ওঁরা বিপদে না পড়েন, সেটাও দেখার দায়িত্ব আমার।’

    অভিষেক কাণ্ড নিয়েও রচনা বলেন, ‘অভিষেকের সঙ্গে যেটা হয়েছে, সেটা কখনওই মেনে নিতে পারব না। উনি একজন সাংসদ। সাংসদের উপরে এ রকম আক্রমণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সবাই প্রতিবাদ করছি। তবে ভালো বিষয় হলো, যারা এ সব করেছে, তাদের গ্রেপ্তার করেছে সরকার। যারা গ্রেপ্তার হয়েছে, তারা কারা, সেটা পুলিশ খুঁজে বার করবে।’ প্রসঙ্গত, অভিষেক কাণ্ডে ধৃত পাঁচ জনই সোমবার জামিন পেয়ে গিয়েছেন।

    অধিকাংশ বিধায়কের গরহাজিরার কারণে রবিবার কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক বাতিল হয়ে গিয়েছে। তা নিয়েও রচনা বলেন, ‘দিদি এখন প্রাক্তন হতে পারেন। কিন্তু উনি আমাদের নেত্রী। যখন ডাকবেন, নিশ্চয়ই যাব।’

  • Link to this news (এই সময়)