Big Breaking: দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সরকার কর্মীদের একটি বড় অংশের ডিএ ঠিকমতো মেটানো হয়নি। সোমবার পূর্ব নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বরা। দীর্ঘক্ষণ মিটিং চলার পরে সেখান থেকে বেরিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ দাবি করেন যে, রাজ্য বাজেটে বকেয়া ডিএ মেটানো নিয়ে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বকেয়া ডিএ ৪২%, ধাপে ধাপে মেটানোর প্রস্তাব দিয়েছিল সরকারি কর্মচারী সংগঠনগুলি। সেই বিষয়ে আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা ২২ তারিখে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, সেখানে এই বিষয়ে কর্মচারীদের জন্য সুখবর দেবেন।’
সূত্রের খবর, এ দিনের বৈঠকে মূল চারটি বিষয় আলোচনায় উঠে আসে।
১. রাজ্য বাজেটে বকেয়া ডিএ মেটানো নিয়ে ভালো খবর আসতে পারে
২. ২০২৭ সালের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন লাগু
৩. ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার নিয়োগ
৪. সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সপ্তম বেতন কমিশন ২০২৭ -এর ১ জানুয়ারি থেকে লাগু করবে বলেছে, এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট দেবে।’
এছাড়াও, অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্সের নিয়ম অনুযায়ী ডিএ দিতে হবে বলে দাবি ছিল কর্মচারী সংগঠনগুলির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। আরও একটি বৈঠক হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন মলয়।