• মন্ত্রিত্ব পেয়ে আবেগঘন সুমনা সরকার
    আজকাল | ০২ জুন ২০২৬
  • মিল্টন সেন

    রাজ্যের নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বলাগড়ের বিজেপি বিধায়ক সুমনা সরকার। সোমবার লোকভবনে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি।

    মন্ত্রিত্বের দায়িত্ব পেয়ে আপ্লুত সুমনা। তাঁর কথায়, বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করাই হবে তাঁর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্যের মন্ত্রী সুমনা সরকারের রাজনৈতিক অনুপ্রেরণার মূল উৎস তাঁর বাবা প্রয়াত বীরেন সরকার।

    ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা সুমনা ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে পরিচিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সক্রিয় রাজনীতিতে যোগ দেন তিনি।

    রাজনৈতিক জীবনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব সামলেছেন সুমনা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। পরে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সহ-সভাধিপতির দায়িত্ব পালন করেন।

    ২০২১ সালে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৪৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।

    মন্ত্রিত্বের খবর পেয়ে আবেগঘন হয়ে পড়েন সুমনা সরকার। তিনি জানান, রবিবার রাতেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকেই ফোনে এই সুখবর পেয়েছিলেন। তাঁর কথায়, ‘আমি ভাবতেই পারিনি আমাকে মন্ত্রীত্ব দেওয়া হবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

    শপথ গ্রহণের পর সরাসরি ত্রিবেণীতে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছন সুমনা। সেখানে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, দলীয় কর্মী ও সমর্থকেরা ফুল ও মিষ্টি খাইয়ে তাঁকে সংবর্ধনা জানান।

    মন্ত্রী হিসেবে নিজের অগ্রাধিকার প্রসঙ্গে সুমনা বলেন, বলাগড়ের সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। গঙ্গা ভাঙন রোধ, পানীয় জলের সমস্যা, নৌকা শিল্পের উন্নয়ন, ফুলচাষের ক্লাস্টার গঠন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।

    পাশাপাশি জমি দখল ও দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলাগড়ে প্রস্তাবিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট প্রকল্পের কথাও উল্লেখ করেন নতুন মন্ত্রী।

    তাঁর দাবি, প্রায় ৯০০ একর জমির উপর বন্দর গড়ে উঠলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন হবে। গঙ্গা ভাঙন রোধে প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে কাজের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

    বাড়ির মেয়ে মন্ত্রিত্ব পাওয়ায় খুশি পরিবারের সদস্যরাও। সুমনা সরকারের শাশুড়ি নিভা সরকার বলেন, ‘আমি কখনও ওকে সংসারের মধ্যে আটকে রাখিনি। সবসময় চেয়েছি ও বড় কিছু করুক। আজ ও মন্ত্রী হয়েছে। এতে আমরা সবাই গর্বিত ও আনন্দিত।’

    শপথ গ্রহণের পর সুমনা সরকারের বার্তা, ‘লোকভবনে শুধু মন্ত্রী হিসেবে নয়, বলাগড়ের মানুষের সেবা করারও শপথ নিয়েছি। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।’

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)