• 'রাকিবুল, তারিকুল আর মুস্তাফিজুর', বিস্ফোরক শুভেন্দু
    আজকাল | ০২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ অনলাইনে শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। বুধবার থেকে টাকাও ঢুকবে। যদিও অন্নপূর্ণা যোজনার দীর্ঘ ফর্ম ফিলাপ নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। এই পরিপ্রেক্ষিতে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর জালিয়াতি হয়েছে। ইতিমধ্যেই ২২টি ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। সেই সংখ্যা আরও বাড়বে। আর তা আটকাতেই অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি করা হয়েছে।’’ তবে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘‘চিন্তা নেই। বৈধ সব ভোক্তাই টাকা পাবেন।’’

    সোমবার নবান্নে শুভেন্দু অধিকারী বলেন, ''আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুরে কেস নম্বর ৮৪৩ এ ২০২৬। এখনও পর্যন্ত ২২টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে। ১৫টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমানের।''

    শুভেন্দুর সংযোজন, ''গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার যাঁরা চালিয়েছিলেন, এখন তাঁরা নিজেরাই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসেছেন। আমরা এর আগে অফলাইনে চালু করেছিলাম। আজ থেকে অনলাইনেও চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন। ২০ জন আধিকারিক জেলায় জেলায় গিয়ে এই কাজ নজরদারি করছেন। আমরা আশা করছি, বুধবার বড় সংখ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করতে পারব।’’

    শুভেন্দুর বক্তব্য, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ও কিছু মিথ্যাপ্রচার কয়েকদিন ধরে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে বড় সংখ্যায় আমরা টাকা পাঠাতে পারব। এই কর্মসূচি সূচনার ইভেন্ট হবে জেলায় জেলায়। নবান্ন থেকেও বড় মিটিং করে ঘোষণা হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতি সপ্তাহে প্রশাসনের তরফে ব্রিফ করা হবে কত সংখ্যক ভেরিফায়েড হল। নিয়মিত দু’লক্ষ ভেরিফিকেশন হচ্ছে অন্নপূর্ণা নিয়ে।’ এদিন শুভেন্দু জানান, অবৈধ অনুপ্রবেশকারীরাও আগের জমানায় টাকা পেয়েছেন। হাজার হাজার তৃণমূল নেতা, যারা মহিলা নন, তারা এই টাকা পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিট গঠন করতে বলা হয়েছে। আর্থিক তছরূপের মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা গিয়েছে।’

     
  • Link to this news (আজকাল)