• পশ্চিম মেদিনীপুরে বিজেপির 'গোষ্ঠীকোন্দল' প্রকাশ্যে!
    আজকাল | ০২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রকাশ্যে সামনে এল বিজেপির 'অন্তর্দ্বন্দ্ব'। সোমবার দুপুরে ডেবরা ব্লকের হরিদ্রাপাট এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। ঘটনায় আক্রান্ত হন দেবাশীষ প্রামানিক নামে এক বিজেপি নেতা। 

    জানা গিয়েছে, এলাকায় একটি দোকানে শিশুদের দুধ সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজখবর নিতে যান দেবাশিস প্রামানিক। অভিযোগ, সেই সময়ই একদল বিজেপি কর্মী তাঁর উপর চড়াও হয়। বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি ও মারধর। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় দেবাশিসকে উদ্ধার করে তাঁর অনুগামীরা দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় 

    রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ডেবরায় বিজেপির একাধিক গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিল। এদিনের ঘটনা সেই দ্বন্দ্বকেই প্রকাশ্যে এনে দিল। যদিও এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আক্রান্ত নেতার ঘনিষ্ঠদের দাবি, পুরো বিষয়টির জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।
  • Link to this news (আজকাল)