আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা। প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবলের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দুই মহিলার সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রবিবার দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসন থেকে ওই পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
অভিযোগকারিণীর দাবি, ঘটনার সময় প্রাক্তন মন্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কাজে বেরিয়ে যাওয়ার পর অভিযুক্ত কনস্টেবল মদ্যপ অবস্থায় পরিবারের এক সদস্যের সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে গেলে অভিযোগকারিণীর সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। তাঁর দাবি, কনস্টেবল তাঁর হাত মুচড়ে ধরেন এবং অশ্রাব্য ভাষায় গালি ও হুমকি দিতে থাকেন।
পরিবারের অভিযোগ, কয়েক দিন ধরেই ছুটি নিয়ে নানা শর্ত চাপাচ্ছিলেন ওই পুলিশকর্মী। এদিন রবিবারও কর্মরত থাকা সত্ত্বেও তিনি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যেতে অস্বীকার করেন। এরপরই বাড়ির ভিতরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন অভিযোগকারিনী।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশের আর এক নিরাপত্তারক্ষী হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়। তবে অভিযোগকারিণী পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, প্রথমে থানার তরফে অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি এবং ঘটনাটিকে শুধুমাত্র কর্তব্যরত অবস্থায় মদ্যপানের বিষয় হিসেবে দেখার চেষ্টা করা হয়।
পরিস্থিতির পরিবর্তন আসে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ জানানোর পর। অভিযোগকারিণীর বক্তব্য, হেল্পলাইনে ফোন করার পরই প্রশাসন দ্রুত পদক্ষেপ করে। এরপরই অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করা হয় এবং তদন্ত শুরু হয়।
এই ঘটনাকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের আচরণ ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, গতকালই ঘটনাস্থল থেকে। জিজ্ঞাসাবাদের পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।