পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে ১১ ঘণ্টা জেরা
আজকাল | ০২ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। এরপর দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ইতিমধ্যেই দিল্লির সদর দপ্তরে জানানো হয়েছে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন মন্ত্রীকে আবারও তলব করা হতে পারে। এদিন ইডি দপ্তরে ঢোকার মুখে রথীনবাবু জানান, "ডেকেছে, তাই এসেছি। আয়কর সংক্রান্ত যা যা নথি ওরা চেয়েছিল, সেগুলো নিয়ে এসেছি।"
এর আগে গত ১৫ মে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। এরপর ২৫ মে ফের ডাকা হলেও তিনি হাজিরা দেননি। এমনকী ভোটের আগেও একাধিকবার নির্বাচনী ব্যস্ততার দোহাই দিয়ে হাজিরা এড়িয়েছিলেন বিধায়ক। তবে এবারের হাজিরার পেছনে রাজনৈতিক মহলে অন্য একটি চর্চাও শুরু হয়েছে। আসলে রবিবারই কালীঘাটে তৃণমূলের ৮০ জন বিধায়ককে নিয়ে এক জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে মেরেকেটে মাত্র ২০ জন বিধায়ক উপস্থিত থাকায় ক্ষুব্ধ নেত্রী বৈঠকই বাতিল করে দেন। মমতার সেই বৈঠকে গরহাজির থাকা ৬০ জন বিধায়কের মধ্যে রথীন ঘোষও একজন ছিলেন। এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে এই নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন খাদ্যমন্ত্রী সাফাই দিয়ে বলেন, "আমার তো শরীর খারাপ, তাই যেতে পারিনি।" তবে দলের অন্দরে কোনও ক্ষোভ বা ফাটল নেই দাবি করে তিনি বলেন, দলের সার্বিক পরিস্থিতি একদম ঠিকই রয়েছে।