শুভেন্দুর মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে ১০ জন! নিশীথ, শঙ্কর ছাড়াও রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন কে কে?
News18 বাংলা | ০২ জুন ২০২৬
রাজ্যে যখন বিজেপি-র পায়ের তলার মাটি সেভাবে শক্ত হয়নি, তখনও গেরুয়া শিবিরের একমাত্র ভরসা ছিল উত্তরবঙ্গ৷ আর ২০২৬-এর ভোটে রাজ্য জুড়ে যখন গেরুয়া ঝড়, তখন উত্তরবঙ্গ দু হাত উজাড় করে সমর্থন করেছে বিজেপি-কে৷
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গে গিয়েই শুভেন্দু অধিকারী বলেছিলেন, উত্তরবঙ্গের ঋণ তিনি শোধ করবেন৷ শুভেন্দুর মন্ত্রিসভাতেও তাঁর দেওয়া প্রতিশ্রুতির প্রাথমিক প্রতিফলন দেখা গেল৷ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে জায়গা পেয়েছেন ১০ জন মন্ত্রী৷
উত্তরবঙ্গের ৮টি জেলা থেকে যে দশজন মন্ত্রী রাজ্য মন্ত্রিসভায় এলেন তাঁদের মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী হয়েছেন৷ প্রতিমন্ত্রী হয়েছেন ৫ জন৷ এ ছাড়াও একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পেয়েছে উত্তরবঙ্গ৷
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার থেকে দু জন বিজেপি বিধায়ককে মন্ত্রী করা হয়েছে৷ আগেই মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক পূর্ণমন্ত্রী হয়েছেন৷ উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি৷ নিশীথ প্রামাণিকের পর আজকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়৷
আলিপুরদুয়ার জেলা থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ৷ এ ছাড়াও ফালাকাটার বিধায়ক দীপক বর্মণও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন৷ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা৷
দার্জিলিং জেলা থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ৷ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ৷
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন৷ এ ছাড়াও করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাসও প্রতিমন্ত্রী হয়েছেন৷
মালদহ জেলা থেকে একজনই থাকছেন রাজ্য মন্ত্রিসভায়৷ প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু৷