• ১৬-০ করার প্রতিদান পেল পূর্ব মেদিনীপুর! রাজ্য মন্ত্রিসভায় জেলা থেকে কোন ৪ জন, চিনে নিন
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • এবার বিধানসভা নির্বাচনে বিপুল জয় বিজেপির। শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুরে কার্যত গেরুয়া ঝড় লক্ষ্য করা গিয়েছিল ভোটের ফলাফলে। এই জেলায় ১৬ টি আসনের মধ্যে ১৬ টিতেই জয়লাভ করে বিজেপির প্রার্থীরা। তারপর থেকে এই মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর বাড়তি গুরুত্ব পাবে একপ্রকার আশা করেছিল রাজনৈতিক মহল। তার প্রথম ধাপটা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর। এবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণে বাড়তি গুরুত্ব পেল পূর্ব মেদিনীপুর।

    সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জেলায় ১৬-০ জয় পাওয়ায় জেলা থেকে বিজেপির টিকিটে জেতা ১৬ বিধায়কের মধ্যে চারজন ইতিমধ্যেই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে। তমলুক বিধানসভার হরেকৃষ্ণ বেরা, ময়নার বিধানসভার অশোক দিন্দা, ভগবানপুর বিধানসভার শান্তনু প্রামাণিক এবং দক্ষিণ কাঁথি বিধানসভার অরূপ কুমার দাসকে ইতিমধ্যে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। জেলার চারটি এলাকা থেকে চারজন বিধায়ককে মন্ত্রীসভায় ঠাঁই দেওয়া হয়েছে। পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে সরে দাঁড়ানোয় সেখানে নির্বাচন হলে যেই জিতে আসুক তাকেও মন্ত্রীসভায় দেখা যেতে পারে বলে মত রাজনৈতিক মহলের। সুত্রের খবর, নন্দীগ্রাম আসনের গুরুত্ব বজায় রাখতে এবং উন্নয়নের প্রতিশ্রুতি পালন করতে আরো একজন জেলা থেকে মন্ত্রীসভায় আসতে পারে বলে রাজনৈতিক মহল সূত্রে খবর। অর্থাৎ, এই কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হয়ে এলে তাঁকে দেখা যেতে পারে মন্ত্রীসভায়।

    কলকাতা থেকে মন্ত্রী হয়েছেন ৩ জন

    মুখ্যমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রিসভায় রয়েছেন ৫ জন প্রতিনিধি

    উত্তর চব্বিশ পরগণা থেকে মন্ত্রী হলেন ৪ জন

    পশ্চিম মেদিনীপুর থেকে ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন ১ জন

    দক্ষিণ ২৪ পরগণা থেকে মন্ত্রী হয়েছেন ২ জন

    পুরুলিয়া থেকে মন্ত্রী হয়েছেন ১ জন

    ঝাড়গ্রাম থেকে মন্ত্রী হয়েছেন ২ জন

    বাঁকুড়া থেকে মন্ত্রী হয়েছেন ২ জন

    বীরভূম থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ২ জন

    পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথমবার জয়ী হওয়া দু জন মহিলা বিধায়ক হয়েই মন্ত্রী হলেন

    পশ্চিম বর্ধমান জেলা থেকেও মন্ত্রিসভায় থাকছেন ২ জন সদস্য

    কলকাতা থেকে জয়ী যে বিধায়করা মন্ত্রী হয়েছেন তাঁরা হলেন মানিকতলা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত আজ শপথ নিয়েছেন৷ আর মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক৷
  • Link to this news (News18 বাংলা)