সরকারি বাসে 'ফ্রি' যাতায়াতে কোন কাগজ 'মাস্ট'? কারা বিনামূল্যে চড়তে পারলেন না? জানিয়ে দিল প্রশাসন
News18 বাংলা | ০২ জুন ২০২৬
ফ্রি বাসযাত্রায় খুশির হাওয়া, তবে ভুললে চলবে না ‘এই’ গুরুত্বপূর্ণ নথি! এই নথি না আনলে মিলবে না বিনামূল্যে বাস চড়ার সুযোগ! রাজ্যজুড়ে নতুন পরিষেবায় মহিলাদের উচ্ছ্বাস, করানো হল মিষ্টিমুখ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকেই শুরু হল মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসযাত্রা। প্রথম দিনেই সকাল থেকে রাজ্যের বিভিন্ন বাস টার্মিনাসে দেখা গেল উপচে পড়া ভিড়। বহুদিনের অপেক্ষার পর এই সুবিধা চালু হওয়ায় মহিলাদের মুখে স্পষ্ট আনন্দের ছাপ…কেউ অফিসগামী, কেউ বাজারে, আবার কেউ শুধুই অভিজ্ঞতা নিতে বেরিয়েছেন নতুন এই পরিষেবার।
তবে বিনামূল্যে বাস যাত্রার সুবিধা নিতে হলে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড অথবা যে কোনও ছবি, ঠিকানা দেওয়া নথি দেখালেই বিনামূল্যে যাত্রার সুযোগ মিলবে, এমনটাই জানিয়েছে পরিবহণ দফতর। ফলে অনেকেই আগেভাগে নথিপত্র যাচাই করে তবেই বাসে উঠছেন। এদিকে পরিষেবার সূচনাকে আরও আনন্দমুখর করে তুলতে এনবিএসটিসির তরফে মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যের টিকিটের পাশাপাশি চকলেট। এই উদ্যোগে খুশি যাত্রীরা।
অনেকেই বলছেন, “এটা শুধু সুবিধা নয়, সম্মানেরও বিষয়।” শ্বেতা মহন্ত বলেন, “এই প্রথম রাজ্যে এরকম উদ্যোগ নিল রাজ্য সরকার। এতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে চাকরি থেকে পড়াশোনার ক্ষেত্রে। রাজ্যের যে কোন প্রান্তে এক দৌড়ে চলে যেতে পারবে সরকারি বাসে চেপে। তবে যাতায়াতের ক্ষেত্রে মহিলা যাত্রীদের ‘জ়িরো ব্যালান্স টিকিট’ দেওয়া ইস্যু করা হবে। রাজ্যের বাসিন্দা হিসাবে স্বীকৃত ১২টি অনুমোদিত পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি সঙ্গে থাকলে তবেই এই সুবিধা পাবেন। তবে দেশের বাসিন্দা না হলে বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন না কেউই।
কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত যাত্রীদের নিজস্ব পরিচয় পত্র দেখিয়েই যাত্রা করা যাবে, তবে খুব শীঘ্রই চালু হবে বিশেষ কার্ডও। ভবিষ্যতে সংশ্লিষ্ট কার্ড দেখিয়েই সহজে বিনামূল্যে বাসযাত্রা করা যাবে বলে জানানো হয়েছে। রাজ্যের মহিলাদের জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দিল। তবে সুবিধা পেতে হলে নিয়ম মানা জরুরি এই বার্তাও স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।