• DA নিয়ে চলতি মাসে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি খোদ কর্মচারী সংগঠনগুলির
    আজ তক | ০২ জুন ২০২৬
  • প্রতিশ্রুতি মতো DA নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বকেয়া ডিএ, নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নিয়েছিলেন সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ, নফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের প্রতিনিধিরা। বৈঠরক ইতিবাচক বলেই জানান কর্মচারীরা। 

    কেন্দ্রের হারে ডিএ দিতে হবে, এই দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন সরকারি কর্মচারী সংগঠনগুলি। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। সেই মামলায় কর্মচারী সংগঠনগুলি জিতেছিলেন। লাখ লাখ সরকারি কর্মীর বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার তা দেয়নি। সেই সমস্যার সমাধান কীভাবে হবে, এই সরকারের ডিএ নিয়ে কী অবস্থান- মূলত সেই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা হয়। 

    এদিনের বৈঠক শেষে সংগঠনগুলির দাবি করে, পূর্ববর্তী সময়ের মতো ডিএ সংক্রান্ত বিষয় ঝুলিয়ে না রেখে সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথে এগোতে চায় সরকার, তেমনই প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে, বকেয়া ডিএ-র একটি বড় অংশ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

    এদিনের বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানান, সরকারের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে যে নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক কাজ হবে। এই সরকার তার কর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। তাদের অধিকার বা প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে সদর্থক ভূমিকা রাখবে। 

    ভাস্কর ঘোষ বলেন,'মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। তিনি মুখ্য ও অর্থসচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ডিএ নিয়ে যে অভিযোগ আমাদের ইন্দু মলহোত্রা কমিটিকে জানাতে বলেছেন। কোর্টের মাধ্যমেই সেই সবের সমাধান হবে। গ্রান্ট ইন এডের ক্ষেত্রে ইন্দু মলহোত্রা কমিটির সঙ্গে সরকার আলোচনা করবে। সেখানে আমাদেরও থাকার কথা বলা হয়েছে। পেনশনারদের কথাও বলা হয়েছে। নতুন পে কমিশন নিয়ে আমরা কী ভাবছি সেটাও লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অস্থায়ী কর্মীরা অন্য রাজ্যে যে বেতন পান এবং সরকারি কর্মীদের উপর যে বিভিন্নরকমের বৈষম্য হয়ে থাকে, তা দেখার প্রতিশ্রতিও দিয়েছেন। রাজ্য সরকার ও কর্মীদের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি কমিটিও তৈরি করবে সরকার। ডিসেম্বর মাসে অন্তত ৫০ হাজার কর্মী নিয়োগ করা হবে।' 

    কর্মচারী সংগঠনগুলি আরও জানায়, আগামী ২২ জুন বাজেট অধিবেশনেই বকেয়া ডিএ পরিশোধের বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। তেমনই ইঙ্গিত তাঁরা পেয়েছেন।  

    এদিনের বৈঠক নিয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন,'মুখ্যমন্ত্রীর তরফে আমরা ইতিবাচক আশ্বাস পেয়েছি। তিনি আমাদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। কলকাতার অনেক পেনশনার টাকা পাননি। তাঁদের অ্যাকাউন্টে টাকা নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই সব পেনশনারদের অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে। ২ লক্ষ ৮৫০০  সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে টাকা পাঠিয়ে ২ বছরের জন্য লকিং পিরিয়ডে রাখা হয়েছে। সেই প্রসঙ্গও তুলেছিলাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামনের আর্থিক বছর থেকে সেই লকিং পিরিয়ড তোলা হবে। আমাদের হিসাব অনুযায়ী, ইন্দু মলহোত্রা কমিটি যে টাকা দিয়েছে সেখানে হিসাবে ভুল আছে। সেজন্য মুখ্যমন্ত্রী আমাদের রিপোর্ট পেশ করতে বলেছেন। উনি জানিয়েছেন, সবটাই খতিয়ে দেখা হবে।'   
     
  • Link to this news (আজ তক)