• সুপ্রিম কোর্টে নতুন ৫ বিচারপতি নিয়োগ, কলেজিয়াম সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদন
    দৈনিক স্টেটসম্যান | ০২ জুন ২০২৬
  • সুপ্রিম কোর্টে নতুন ৫ জন বিচারপতি নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং একজন সিনিয়র অ্যাডভোকেট। কলেজিয়াম ব্যবস্থার সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিয়োগে অনুমোদন দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে পরামর্শ করার পর এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

    কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। মে মাসের ২২ ও ২৭ তারিখ সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৫ জনের নাম সুপারিশ করেছিল। নতুন বিচারপতিরা হলেন, 

    শীল নাগু – পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি, 

    শ্রী চন্দ্রশেখর – বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি, 

    সঞ্জীব সচদেবা – মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি, 

    অরুণ পাল্লি জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি 

    এবং সিনিয়র অ্যাডভোকেট ভি মোহানা।

    এর মধ্যে ভি মোহানার নিয়োগ বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, ২০১৮ সালে ইন্দু মালহোত্রার পর এই প্রথম কোনও মহিলা আইনজীবীকে সরাসরি বার থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হল। বর্তমানে সুপ্রিম কোর্টে একমাত্র মহিলা বিচারপতি হিসেবে রয়েছেন বিভি নাগারত্না। মোহানার নিয়োগের ফলে শীর্ষ আদালতে নারী প্রতিনিধিত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

    নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের মাধ্যমে বিভিন্ন হাইকোর্টের প্রতিনিধিত্বও সুপ্রিম কোর্টে আরও বিস্তৃত হচ্ছে। বিশেষ করে ঝাড়খণ্ড, দিল্লি এবং পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলের বিচার বিভাগীয় অভিজ্ঞতা শীর্ষ আদালতে যুক্ত হচ্ছে বলে আইন বিশেষজ্ঞদের মত।

    সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে। বর্তমানে সেখানে ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন। দুই বিচারপতি শিগগিরই অবসর নেবেন বলেও জানা গিয়েছে। 

    নতুন ৫ বিচারপতি শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টে দায়িত্ব গ্রহণ করবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)