সুপ্রিম নির্দেশ মেনে মেটানো হবে বকেয়া ডিএ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানাল সংগ্রামী মঞ্চ
প্রতিদিন | ০২ জুন ২০২৬
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে, যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত ৫০ হাজার পদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছে। কাটমানি, থ্রেট কালচার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। তিনি জানান, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ধীরে ধীরে মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুন রাজ্য বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হতে পারে।
সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে ১ ঘণ্টা ৪০ মিনিট বৈঠক করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এই বৈঠকের পর তাঁরা সন্তুষ্ট। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এই নিয়ে কাজ শুরু করতে মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দেন শুভেন্দু। ভাস্কর আরও জানান, এরিয়ারের শতাংশ নিয়ে মতানৈক্য ছিল, এনিয়ে ফের বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সপ্তম পে কমিশন লাগুর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারী এমনকী অস্থায়ী কর্মচারীদের বেতন বৈষম্য নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নিয়মিত যাতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনের বৈঠক করা যায় সেই বিষয়ে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী নিজে। এই নিয়ে রূপরেখা তৈরি করা হচ্ছে। দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকারি কর্মচারীরা। ভাস্কর আরও জানান, শূন্যপদে নিয়োগের জন্য আগামী ৭ তারিখের মধ্যে পরিকল্পনামাফিক নিয়োগ নীতি ঘোষণা করবে রাজ্য সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ৫০ হাজার পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পান ১৮ শতাংশ হারে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক ৪২ শতাংশ। কর্মচারীদের সঙ্গে বৈঠকে এই ফারাক ধীরে ধীরে কমানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে এ বিষয়ে বড় ঘোষণা করা হতে পারে। আন্দোলনে সাসপেন্ডেড কর্মীদের বহালের আশ্বাসও দিয়েছেন শুভেন্দু।