‘অশ্লীলতার’ অভিযোগে বন্ধ চঞ্চল-মোশারফের ‘বনলতা এক্সপ্রেস’, সংস্কৃতির ওপর ফতোয়া জারির বিরুদ্ধে গর্জে উঠলেন কারা
আজকাল | ০২ জুন ২০২৬
তানিম নূর পরিচালিত এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত ছবি বনলতা এক্সপ্রেস’ -এর দুটি পৃথক প্রদর্শনী ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার ১০টি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন। সোমবার (এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এই ঘটনাকে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান অসহিষ্ণুতার নগ্ন বহিঃপ্রকাশ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং কসবা উপজেলায় পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিকে ভুলভাবে ব্যবহার করে এবং প্রশাসনের অনভিপ্রেত হস্তক্ষেপের মাধ্যমে এই চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে।
যৌথ বিবৃতিতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলা হয় -
১. ব্রাহ্মণবাড়িয়া শহর: ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে গত ৩০ মে শহরের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর কথা ছিল। এর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকেই লিখিত অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, একদল স্বার্থান্বেষী মানুষ ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার করে এবং সেটিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির বিরুদ্ধে কুৎসিত প্রচার শুরু করে। এর জেরে শেষ মুহূর্তে অন্নদা স্কুল কর্তৃপক্ষ তাদের অনুমতি প্রত্যাহার করতে বাধ্য হয়।
২. কসবা উপজেলা: একই দিনে (৩০ মে) কসবা উপজেলার তালতলা গ্রামে ছবিটির আরও একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে স্থানীয় প্রশাসনের ‘অনভিপ্রেত ও অযাচিত’ হস্তক্ষেপের কারণে প্রদর্শনীটি বন্ধ করে দেওয়া হয়।
সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া বরাবরই উস্তাদ আলাউদ্দিন খাঁ এবং কবি আল মাহমুদের মতো বিশ্বখ্যাত মণীষীদের জন্মভূমি, যা চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
বিবৃতিতে বলা হয়, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, ব্রাহ্মণবাড়িয়ারই ভূমিপুত্র ও কৃতি পরিচালক তানিম নূরের তৈরি একটি চলচ্চিত্র ওঁর নিজের পৈতৃক শহরেই প্রদর্শিত হতে পারল না।” উদ্যোক্তারা মনে করিয়ে দেন যে, ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ (Bangladesh Film Certification Act 2023)-এর অধীনে যথাযথভাবে সেন্সর সার্টিফিকেট পেয়েছে এবং ইতিপূর্বে দেশ-বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। সিনেমা সমাজবাস্তবতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়, তাই একে এভাবে বাধা দেওয়া আন্তর্জাতিক শিল্পরীতির পরিপন্থী।