দলে একাধিক পরিবর্তন, বেঙ্গল T20 লিগের আগে নতুন রূপে মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স
এই সময় | ০২ জুন ২০২৬
IPL-এর পালা শেষ। তবে বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে আরও এক টুর্নামেন্টে। ৫ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মরশুমের। আট দল নিয়ে আয়োজিত হবে সাদা বলের এই টুর্নামেন্ট। সেই লিগে নজর কাড়ার জন্য এ বার বাড়তি উদ্যম নিয়ে নামছে মুর্শিদাবাদ কিংস (পুরুষ দল) অ্যান্ড কুইন্স (মহিলাদের দল)। দলে এসেছে একাধিক পরিবর্তন। রয়েছে অনেক নতুন মুখ। তবে পাখির চোখ যে ট্রফি জয়, সোমবার সেই বার্তাই দিলেন দলের কোচ-ক্রিকেটার-কর্ণধাররা।
জার্সি উন্মোচন অনুষ্ঠান
সোমবার কলকাতার এক বিলাসবহুল রেস্তোরাঁয় হয়ে গেল মুর্শিদাবাদ টিমের নয়া জার্সি উন্মোচন। বেঙ্গল টি-টোয়েন্টি লিগের এই মরশুমে বেগুনি জার্সি পরে খেলতে দেখা যাবে তাদের। এক ঝলক দেখলে মনে হতেই পারে কলকাতা নাইট রাইডার্সের জার্সির মতো। তবে রয়েছে চমক। জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে মুর্শিদাবাদের এক রাজপ্রাসাদের ছবি।
কী জানালেন দলের কর্ণধাররা?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংস ও কুইন্স দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, এবং স্পনসররা। অন্যতম আকর্ষণ ছিলেন টলিউডের অভিনেত্রী দর্শনা বণিক। তিনি খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে সময় কাটান এবং আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে মুর্শিদাবাদ কিংস ও কুইন্সের অন্যতম কর্ণধার প্রতীক জালান বলেন, ‘এই জার্সি মুর্শিদাবাদ কিংসের আবেগ এবং লড়াকু মানসিকতার প্রতীক। আমাদের অফিসিয়াল রং এবং নতুন জার্সি উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত।’
আর এক কর্ণধার যশ জৈন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজ়ির জন্য এটি অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। দলকে ঘিরে যে উন্মাদনা এবং উৎসাহ তৈরি হয়েছে, তা সত্যিই অসাধারণ। আশা করি, এই মরশুমে খেতাব জিতে সমর্থকদের ভরসার দাম দিতে পারব।’
কী পরিবর্তন হয়েছে দলে?
গত মরশুমে ছেলেদের দলের ক্যাপ্টেন ছিলেন বাংলার ক্রিকেটার সুদীপ কুমার ঘরামি। তবে এ বার দলে নেই তিনি। কোচ সৌরভ সরকার জানালেন, দলের স্বার্থে একাধিক পরিবর্তন ও কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ড্রেসিংরুমে ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মানসিকতা গড়ে তোলাই মূল লক্ষ্য।
এই মরশুমে মুর্শিদাবাদ কিংসকে নেতৃত্ব দেবেন অভিষেক রামন। বাংলার হয়ে ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৮টি লিস্ট-এ এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভম চট্টোপাধ্যায়কে। দলে রয়েছেন আদিত্য পুরোহিত, সক্ষম চৌধুরীর মতো ক্রিকেটাররা। দলের প্রধান কোচ সৌরভ সরকার। ৬ জুন প্রথম ম্যাচে নামবে মুর্শিদাবাদ কিংস। প্রতিপক্ষ সোবিস্কো স্ম্যাশার্স।
অন্য দিকে মুর্শিদাবাদ কুইন্স দলের অধিনায়ক তনুশ্রী সরকার এবং সহ-অধিনায়ক প্রতিভা রানা। অভিজ্ঞদের চেয়েও দলে তরুণীদের সংখ্যা বেশি। এই দলের প্রধান কোচ প্রবাল দত্ত।