• তালা ভেঙে রাতের অন্ধকারে লুঠ, মদের দোকান থেকে নগদ লক্ষাধিক টাকা গায়েব
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • দুর্গাপুরে একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দফতরের পাশেই পার্ক সংলগ্ন ওই দোকান থেকে প্রায় ৫ লক্ষ টাকা নগদ এবং একাধিক দামি মদের বোতল চুরি হয়েছে বলে অভিযোগ।

    দোকান কর্তৃপক্ষের দাবি, গভীর রাতে দোকানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতিরা। এরপর ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি বেশ কিছু মূল্যবান মদের বোতলও নিয়ে পালিয়ে যায় তারা।

    সকালে দোকান খুলতে এসে কর্মীরা প্রথমে পিছনের দরজার ভাঙা তালা দেখতে পান। পরে ভিতরে ঢুকে দেখা যায় ক্যাশ কাউন্টার ফাঁকা এবং দোকানের একাধিক দামি মদের বোতল উধাও। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    জানা গিয়েছে, চুরির পুরো ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে কয়েকজন দুষ্কৃতীকে দোকানের ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটাতে দেখা গিয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

    ঘটনার পর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। প্রশাসনিক গুরুত্বপূর্ণ দফতরের একেবারে পাশেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
  • Link to this news (News18 বাংলা)