• রথীনকে জিজ্ঞাসাবাদে অসন্তুষ্ট ইডি! ফের তলবের সম্ভবনা
    আজকাল | ০২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার ১১ ঘন্টা ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। কিন্তু, পুর নিয়োগ দুর্নীতির মামলায় সন্তোষজনক উত্তর মেলেনি তাঁর কাছ থেকে। ক্ষুব্ধ ইডি গোয়েন্দারা। ফলে, ফের তলব করা হতে পারে মধ্যগ্রমের প্রাক্তন তৃণমূল বিধায়ককে।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দু'বার হাজিরা দিয়েছে রথীন ঘোষ। ইডি-র তরফে সোমবার প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রথীন ঘোষকে। অয়নশীল সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন অয়নশীল সম্পর্কে কোনও তথ্য তিনি জানেন না। তাঁর কাছ থেকে অ্যাকাউন্ট সম্পর্কিত এবং আইটি সম্পর্কিত যেসব তথ্য চাওয়া হয়েছিল, তার অনেক তথ্য জমা দেননি রথীন বাবু।

    রথীন ঘোষ কে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের গোয়েন্দা দল। তাই ফের তাকে তলব করা হতে পারে। রথীন ঘোষ যখন মধ্যমগ্রাম পুরসভায় দায়িত্বে ছিলেন সেই সময় পুরসভায় নিয়োগ হয়েছিল। কিন্তু কার কথায় হয়েছিল সেই নিয়োগ? সেই প্রশ্নের উত্তরই খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 

    ইডি গোয়েন্দারামনে করছে, সবুজ সংকেত চেয়ারম্যান না দিলে কোনও পুরসভায় কোনও নিয়োগই সম্ভব নয়। দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে সুজিত বসুর কথাতেই সেই নিয়োগ হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তৎকালীন পুর প্রধান পাঁচু রায়। তাহলে মধ্যমগ্রাম পুরসভার ক্ষেত্রে নিয়োগ কার কথায় হয়েছিল? এই সমস্ত বিষয় পরিস্কার করতেই ফের রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি আধিকারিকরা।

    সোমবার জিজ্ঞাসাবাদ শেষে রথীন ঘোষ বলেছিলেন, "আইটি সংক্রান্ত কিছু নথিপত্র চেয়েছিল। সেগুলো জমা দিয়েছি। পরে আবার ডাকবে বলেছে।"

    উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন রথীন। তাঁর সুপারিশে মধ্যমগ্রাম পুরসভায় অবৈধভাবে নিয়োগ হয়েছিল বলে অভিযোগ তুলেছে ইডি। 
  • Link to this news (আজকাল)