• ঋতব্রত প্রসঙ্গে দিলীপ ঘোষ কী বললেন জানেন?
    আজকাল | ০২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোনারপুরে দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা গিয়ে শনিবার হামলার মুখে পড়তে হয় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে। ঠিক তার পরের দিনই আক্রান্ত হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।

    দুই সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এবার কটাক্ষের মেজাজে মন্ত্রী দিলীপ ঘোষ। দুই তৃণমূল সাংসদের গায়ে ডিম ছোঁড়ার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে দিলীপ বলেন, ‘আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে। ডিম এর-তার গায়ে ছুঁড়ে নষ্ট করবেন না। ডিম খান। শক্তি বাড়ান। ফালতু লোককে ডিম মেরে লাভ নেই।’

    দুই তৃণমূল সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনায় খড়গপুর সদরের বিধায়কের বক্তব্য, ‘ওদের দুজন সংসদ পাবলিকের কাছে অলরেডি পালিশ খেয়েছেন। অথচ দুজনের কারুর গায়ে কোনও আহত হওয়ার দাগ নেই। এর মধ্যে একজন কল্যাণ ব্যানার্জি। ওর নাটক আমরা পার্লামেন্টে বহুবার দেখেছি। ওকে সেদিন কেউ একটা চাঁটি মেরেছিল। রুমাল দিয়ে রগড়ে একফোঁটা রক্ত বের করতে পারলেন না।’

    তিনি আরও বলেন, ‘আমি এখন বুঝতে পারছি আমার হরিণঘাটা ডিমের দাম এত বাড়ল কেন। এদিক ওদিক ডিম ছোঁড়া হচ্ছে।’ তৃণমূল সাংসদদের আক্রমণ করে দিলীপ জানান, ‘কয়েকদিন আপনারা ঘরের ভিতর থাকুন। আন্দোলনের নামে ব্লকে বা থানা ঘেরাও-ফেরাও করবেন না। দেখছেন তো চারদিকে কি অবস্থা! হুজ্জুতি করতে যাবেন পাবলিক আবার ধরে পালিশ করে দেবে।’

    সোমবার ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহার বহিষ্কার প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, ‘একসময় যেখান যেখান থেকে লোকজন একসময় তৃণমূল কংগ্রেসে এসেছিল এখন তেমন তেমন সেখানে চলে যাচ্ছে। প্রয়াত সুব্রত মুখার্জি একবার আমাকে গল্পচ্ছলে বলেছিলেন, তৃণমূল আসলে একটা প্ল্যাটফর্ম। সবাই দাঁড়িয়ে আছে। যার যেমন ট্রেন আসছে সে তেমন চলে যাচ্ছে। আজ উনি বেঁচে নেই। ওনার কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। শুধু পয়সা কমানোর জন্য লোকগুলো এসেছিল। দুনিয়ার ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল এসেছিল। দলটা বিধানসভায় ঢুকলই না তার আগেই দুজন সাসপেন্ড হয়ে গেল।’
  • Link to this news (আজকাল)