বঙ্গ জয়ের পর দ্বিতীয়বার কলকাতা আসছেন PM মোদী, কী কী পরিকল্পনা রয়েছে?
আজ তক | ০২ জুন ২০২৬
স্বাধীনতার পর প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। বঙ্গ জয়ের পর শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন PM মোদী। তারপর এবার ফের একবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের দাবি মোতাবেক, ২০ জুন রয়েছে পশ্চিমবঙ্গ দিবস। এই অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এরপর ২১ জুন রয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। সূত্রের দাবি, ওই দিনও কলকাতায় থেকেই যোগ দিবসে অংশ নিতে পারেন নমো।
জানা গিয়েছে, কলকাতার রেড রোড বা শহরের অন্য কোনও বড় খোলা জায়গায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হতে পারে। সেখানে লক্ষাধিক যোগপ্রেমী, বিভিন্ন যোগ সংস্থা, স্কুল-কলেজের পড়ুয়া ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।
তবে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে কোনও তথ্য এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু সিঙ্গুরে মোদী একটি সভা করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। সে ক্ষেত্রে বড় কোনও শিল্পের ঘোষণা হতে পারে কি? তা নিয়েও চলছে জোর চর্চা।
উল্লেখ্য বিষয় হল, ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বা রাজ্য দিবস হিসেবে পালন করে বিজেপি। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তৃণমূল। অতীতেও ২০ জুনকে রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল।
২০ জুন ঠিক কী হয়েছিল?
ঐতিহাসিকভাবে ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভা বাংলাভাগের পক্ষে ভোট দেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই ভারতের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয়। কেন্দ্রের বিজেপি সরকার ও PM নরেন্দ্র মোদী এই দিনটিকেই পশ্চিমবঙ্গের সরকারি প্রতিষ্ঠা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
বিজেপির দাবি, তৎকালীন নেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগ ও ভূমিকার ফলেই বাংলার একটি অংশ ভারতের অন্তর্ভুক্ত থেকে পশ্চিমবঙ্গ হিসেবে গঠিত হয়েছিল এবং বাংলার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। সেই কারণেই ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে তুলে ধরছে বিজেপি।