তীব্র গরম থেকে মুক্তি কবে? ঝড়বৃষ্টির দিন জানাল আবহাওয়া দফতর
আজ তক | ০২ জুন ২০২৬
তীব্র গরম। ভোরবেলা থেকেই অস্বস্তি চরমে। একটু হাঁটাহাঁটি করলে প্রচুর ঘাম হচ্ছে। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, এহেন দাবদাহের দাপট চলবে? নাকি আর কয়েক দিনের মধ্যেই আসছে ঝড়বৃষ্টি? আর সেই উত্তরটাই দিয়েছে হাওয়া অফিস। তাই ঝটপট সেই দিকে নজর রাখা যাক।
বর্ষা কবে ঢুকছে?
প্রথমে আবহাওয়া দফতর জানিয়েছিল সময়ের আগে ২৬ মে নাগাদ কেরলে বর্ষা প্রবেশ করবে। তবে সেই পূর্বাভাস বাস্তবে ফলেনি। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পথে কিছুটা দেরি হয়েছে। এখন বলা হচ্ছে, আগামী ২ দিনে কেরল এবং তামিলনাড়ুতে হয়তো প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। আবার আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই বঙ্গোপসাগরের কিছু এলাকাতেও এগিয়ে যাবে মৌসুমি বায়ু। তবে বাংলায় একবারে বর্ষা প্রবেশ করতে এখনও কিছুটা দেরি রয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে চরম গরম। রোদের তেজ যেমন রয়েছে, ঠিক তেমনই উপস্থিত আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই মিলে শরীরের হাল বিগড়ে দিচ্ছে। আর খারাপ খবর হল, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই বললেই চলে। বরং আজ এবং কাল তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় স্থানীয়ভাবে কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে।
তবে বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। বৃহস্পতি এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই ধরনের আবহাওয়া চলবে কলকাতাতেও। আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের রাজধানীতে। হলেও স্থানীয়ভাবে হতে পারে। কিন্তু তাতে দাবদাহ থেকে খুব একটা মুক্তি মিলবে না। বরং উল্টে আজ এবং আগামিকাল বাড়তে পারে গরম। তবে বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কী পরিস্থিতি?
দক্ষিণে তীব্র গরম। তবে উত্তরের হাল এতটাও খারাপ নয়। সেখানে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ৪ জুন থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। বিশেষত, উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
যদিও এখন উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। মোটামুটি তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা। তারপর ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।