• যোগ দিবসের প্রস্তুতিতে কলকাতায় আয়ুষ প্রতিনিধি দল, আজ নবান্নে বৈঠক
    প্রতিদিন | ০২ জুন ২০২৬
  • ২১ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবে কলকাতায়। এই ঐতিহাসিক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ তো বটেই, গোটা বিশ্বের নজর থাকবে কলকাতায়। এই হাইভোল্টেজ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব। সোমবার সন্ধ্যায় কলকাতায় এসেছেন কেন্দ্রীয় আয়ুষ সচিব রাজেশ কোটেচা। আজ, মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা তাঁর। তার আগে এদিন সকালেই আয়ুশ মন্ত্রক ও মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিউট অফ যোগা-র একটি টিম কলকাতায় এসে পৌঁছেছে। রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা. দেবাশিস ঘোষের তত্ত্বাবধানে ওই প্রতিনিধিদল রেড রোড, নেতাজি ইনডোর সহ একাধিক জায়গা পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলে ছিলেন আয়ুশ মন্ত্রকের অন্যতম অধিকর্তা অমরেন্দ্র সিং, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা-র অধিকর্তা ড. কাশীনাথ সমাগান্ধী, রিসার্চ অফিসার ডা. রামনারায়ণ মিশ্র প্রমুখ।

    সংবাদ প্রতিদিন-কে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব বলেন, “বিশ্ব জুড়েই মহাসমারোহে পালিত হবে যোগ দিবস। কিন্তু মূল অনুষ্ঠান হবে কলকাতায়। নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নিজে। আয়ুষ মন্ত্রকের টিম ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কাজ শুরু করেছে।”

    প্রধানমন্ত্রীর পাশাপাশি যেহেতু অনেক ভিভিআইপি সেদিন শহরে থাকবেন তাই নিরাপত্তা ব্যবস্থাও নিশ্ছিদ্র করতে হবে। তাই পিএমও থেকেও দফায় দফায় নবান্নের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সম্প্রতি মহারাষ্ট্রের লোনাভালার কৈবল্যধামে ‘ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। অংশ নেন একটি সরকারি অনুষ্ঠানেও। উপস্থিত ছিলেন রাজ্যের দুই আয়ুশ কর্তা বিবেক কুমার ও ডা. দেবাশিস ঘোষ। সেখানেই একান্ত সাক্ষাৎকারে ‘সংবাদ প্রতিদিন’-কে হরেক প্রশ্নের উত্তর দেন আয়ুষ মন্ত্রী। জানিয়ে দেন, এবারের যোগ দিবসের মূল থিম ‘যোগা ফর হেলদি এজিং’। ভারতে সিনিয়র সিটিজেন-কেন্দ্রিক অর্থনীতির পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। আগামীতে এই পরিমাণ বাড়বে। যোগই শেখায় সিনিয়র সিটিজেনদের সুস্থ থাকার মন্ত্র। মন্ত্রীর পর্যবেক্ষণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে যোগকে বিজ্ঞানের আলোয় তুলে ধরা হচ্ছে।

    ২০১৪ সালে যোগ নিয়ে ১৮৩টি সায়েন্টিফিক পেপার প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে এই সংখ্যাটা বেড়ে ১২০৭ হয়েছে। যোগকে দৈনিক জীবনে জনপ্রিয় করে তুলতে ‘যোগ ৩৬৫’ ও ‘যোগ সমাবেশ’ নামে প্রকল্প হাতে নিয়েছে। নন-কমিউনিকেবল রোগের জন্য ১০টি যোগ-প্রোটোকল তৈরি করেছে আয়ুষ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রীর ইঙ্গিত, এই যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যের আয়ুশ মানচিত্র বদলে দিতে পারে নতুন রাজ্য সরকার। যোগের নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তৈরিরও দরজা খুলে যাবে। প্রচুর কর্মসংস্থান হবে। প্রসঙ্গত, আটদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় বড় আকারে যোগ দিবস পালনের ইঙ্গিত দেন। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী তাতেই সিলমোহর দিলেন।
  • Link to this news (প্রতিদিন)