জয়েন্টে কোয়ালিফাই করা সত্ত্বেও ওএসএম বিতর্কে উদ্বেগে পড়ুয়ারা
বর্তমান | ০২ জুন ২০২৬
নয়াদিল্লি: সিবিএসই-র অন স্ক্রিন মার্কিং (ওএসএম) বা অনলাইনে খাতা দেখা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। অনেক পড়ুয়াই পুনর্মূল্যায়নের ফলের অপেক্ষায়। এই ফলের উপর আইআইটির মতো শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভরতি হওয়ার সুযোগ নির্ভর করছে। কারণ, ৩১ মে জেইই অ্যাডভানস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আইআইটিতে ভর্তি হতে গেলে জেইই-তে কোয়ালিফাইয়ের পাশাপাশি দ্বাদশের পরীক্ষায় নির্ধারিত নম্বরও লাগে। দেখা যাচ্ছে, অনেক পড়ুয়াই জয়েন্টে ভালো র্যাংক করলেও তাদের উচ্চমাধ্যমিকের ফল আশানুরূপ হয়নি। তা আইআইটিতে পড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই তাঁরা পুনর্মূল্যায়নের ফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে। নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চমাধ্যমিকের পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত না হলে কী হবে, ভেবেই আকুল অনেকে!
এই অবস্থায় পড়ুয়াদের প্রতি কিছুটা সদয় হয়েছে আইআইটি রুরকি। এই শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়েছে, সিবিএসই-র উচ্চমাধ্যমিকে কোনো পড়ুয়ার মার্কস যাই হোক না কেন, জয়েন্টে সফল সকল পড়ুয়াই কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। অর্থাৎ উচ্চমাধ্যমিক এবং জয়েন্টের র্যাংক দেখে কাউন্সেলিংয়ের ছাড়পত্র পাওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, পড়ুয়াদের কথা ভেবে তা কিছুটা শিথিল করেছে আইআইটি রুরকি। তবে এটুকুই। কারণ, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভরতির সময় পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। এর অর্থ একটাই;কাউন্সেলিং পর্ব উতরে গেলেও ভরতি নিয়ে নিশ্চয়তা মিলছে না। আর এখানেই পড়ুয়াদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে।