• জেইই-অ্যাডভান্সড: একই হোস্টেলে থেকে পড়াশোনা, মেধাতালিকার শীর্ষে দুই বন্ধু
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • কোটা: দু’জন একই হোস্টেলের আবাসিক। পছন্দ ব্যাডমিন্টন। পড়ার ফাঁকে নিয়ম করে খেলা মাস্ট। বাড়ি থেকে বহুদূরে ওটুকুই দু’জনের বিনোদন। পড়া-খেলা-খাওয়া-আড্ডা সবই চলে। মোটামুটি সারাদিন একসঙ্গেই কাটিয়ে দেন। জেইই (অ্যাডভান্সড)-এর সর্বভারতীয় মেধাতালিকাতেও পাশাপাশি রইলেন দু’জন। একজন প্রথম স্থানাধিকারী, অন্যজন দ্বিতীয়। দু’জনের নম্বরের পার্থক্য মাত্র ১। এমন নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে চর্চায় বিহারের শুভম কুমার ও গুরগাঁওয়ের কবীর চিলার। 

    দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির প্রবেশিকা দেশের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। সেই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় শুভমের সর্বভারতীয় র‍্যাংক ১। প্রাপ্ত নম্বর ৩৩০। পরের ধাপেই রয়েছেন কবীর। প্রাপ্ত নম্বর ৩২৯। আশ্চর্যের বিষয় হল, শুভম ও কবীর দু’জনেই রাজস্থানের কোটার অ্যালেন কোচিং সেন্টারের ছাত্র। একই হোস্টেলে থাকতেন। পড়াশোনা, পরীক্ষা ও রিভিশনের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় তাঁরা ব্যাডমিন্টনও খেলতেন। চাপ সামলাতে এই খেলাই ছিল তাঁদের মানসিক স্বস্তির বড়ো মাধ্যম। সবচেয়ে আলোচিত বিষয় হল, মাত্র এক নম্বরের ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হলেও কবীর এতটুকু হতাশ নন। বরং বন্ধু শুভমের সাফল্যে তিনি অত্যন্ত খুশি। একইভাবে বন্ধু কবীরের সাফল্যেও উচ্ছ্বসিত শুভম। সামগ্রিকভাবে জেইই অ্যাডভান্সডে রাজস্থানের সাফল্য নজর কেড়েছে। সিকারের যতীন চাহার ৩১৯ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনজনই অ্যালেনের ছাত্র। অন্যদিকে, মহিলাদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন দিল্লি জোনের আরোহী দেশপাণ্ডে। প্রাপ্ত নম্বর ২৮০। এবছর মোট ৫৬,৮৮০ জন পরীক্ষার্থী জেইই (অ্যাডভান্সড)-এ উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ১০,১০৭ জন মহিলা এবং ৪৬,৭৭৩ জন পুরুষ পরীক্ষার্থী।

    এদিকে, জেইই (অ্যাডভান্সড)-এ নজির গড়েছেন কলকাতার রুবি পার্ক পাবলিক স্কুলের পড়ুয়ারাও। বিদ্যালয়ের ছাত্র সম্প্রীত দত্ত (র‍্যাঙ্ক ২৪৭৩) আইআইটি ভুবনেশ্বর জোনের প্রথম ৫০০ জনের মধ্যে জায়গা পেয়েছেন। তফসিলি জাতি-উপজাতি বিভাগে ৯১ র‍্যাঙ্ক নিয়ে আইআইটি ভুবনেশ্বর জোনে প্রথম হয়েছেন আর্শ যোশি।
  • Link to this news (বর্তমান)