• ‘একটা বিড়ি হবে!’ এনকাউন্টারে জখম দুষ্কৃতীর আবদারে অবাক পুলিশকর্মীরা
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • মুজফফরনগর: পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে কুখ্যাত এক দুষ্কৃতী। পায়ে গুলি লেগে একেবারে রক্তারক্তি কাণ্ড। তবে যন্ত্রণায় কাতরানোর বদলে অদ্ভুত আবদার করে বসল সে। পুলিশের কাছেই চাইল বিড়ি! উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ঘটনায় রীতিমতো অবাক পুলিশ আধিকারিকরাই।  

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এক দুষ্কৃতীর খোঁজে জামালপুর ক্যানাল ট্র্যাকে তল্লাশি চালাচ্ছিল মুজফ্ফরনগরের রামরাজ থানার পুলিশ। সন্দেহ হওয়ায় মোটরবাইকে থাকা এক যুবককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সে পালানোর চেষ্টা করে। এমনকি চলন্ত বাইক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে বলে অভিযোগ। জবাব দেয় পুলিশ। ওই যুবকের পায়ে গুলি লাগে। বাইক সহ রাস্তায় পড়ে যায় সে। দেখা যায়, এর খোঁজেই চলছিল তল্লাশি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ইনাম। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং গ্যাংস্টার আইনে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক, অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার পর ইনাম প্রথমেই একটি বিড়ি চেয়ে বসে। পরে তাকে হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে চিকিৎসা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)