• দাবদাহ থেকে এখনই স্বস্তি মিলবে না গৌড়বঙ্গে
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, মালদহ ও সংবাদদাতা, বালুরঘাট: ঝড়বৃষ্টির ঘনঘটা কাটিয়ে জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ অংশ। দিনকয়েক চাঁদিফাটা রোদ, গরম হাওয়ায় জেরবার গৌড়বঙ্গের তিন জেলার মানুষ। খুব প্রয়োজন ছাড়া ভরদুপুরে বেরচ্ছেন না কেউ। কার্যত শুনশান থাকছে রাস্তাঘাট। 

    সিকিম আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গিয়েছে। সোমবার দুপুর দু’টো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। তারপর আরও এক ডিগ্রি বেড়েছে। আবার রায়গঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা দক্ষিণ দিনাজপুরেও। জেলায় এদিন  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ও সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। 

    সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, আপাতত দাবদাহ বজায় থাকবে গৌড়বঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টিতে আবহাওয়া সাময়িক স্বস্তিদায়ক হলেও দাবদাহ কমছে না এখনই। এর কারণ হিসেবে বলেন, উত্তর বঙ্গোপসাগরের পূর্ব এবং পশ্চিম দিকে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলে গৌড়বঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের ঘাটতি থাকবে। এতে বিস্তীর্ণ অঞ্চলে মেঘহীন আকাশ, বাতাসে আর্দ্রতা বাড়ছে। তাই দাবদাহ বেড়ে চলেছে। 

    ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা মালদহ জেলারও। অবশ্য এদিন সকাল থেকে আংশিক মেঘলা ছিল আকাশ। রোদের তেজ না থাকলেও বাতাস নেই। গাছের পাতা নড়ছে না। ফলে গুমোট আবহাওয়ায় অস্বস্তি বেড়েই চলেছে। এথেকে এখনই মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ দিনাজপুর জেলা সকাল থেকেই তাপদাহে পুড়ছে। জেলা সদর বালুরঘাটে এদিন দুপুরের পর বিভিন্ন এলাকা শুনশান হয়ে যায়। তীব্র গরমে নাজেহাল ছোট থেকে বড় সকলেই। বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র জানিয়েছে, কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ এবং সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ৬০ থেকে ৭৫ শতাংশ। কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। 
  • Link to this news (বর্তমান)