নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্তার ঘটনায় ধৃত পাঁচজনেরই জামিন হল সোমবার। রবিবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন ফের আদালতে তোলা হলে বিচারক পাঁচজনের জামিন মঞ্জুর করেন। কারণ তাঁদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। তবে ওই ঘটনায় ভিডিয়ো ফুটেজ দেখে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা সাংসদকে হেনস্তা করছিলেন। তাঁদের অনেকেই স্থানীয় লোক। আপাতত এলাকাছাড়া হয়ে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেইসব ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায়। আগামী দিনে বাড়তে পারে গ্রেপ্তারের সংখ্যা। ঘটনার পর দু’দিন কেটে গেলেও সাংসদ বা তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ হয়নি বলেই পুলিশ জানিয়েছে। এমন অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক কোনো আঘাত লেগেছিল কি না, সেই সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট হাসপাতাল থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।