• ইস্তফা দিলেন নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান, চাঞ্চল্য, এখনই ভাঙছে না বোর্ড
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পদত্যাগ করলেন নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। তিনি চেয়ারম্যান ও কাউন্সিলার পদ থেকে সোমবার পদত্যাগ করেছেন। যদিও তিনি একা পদত্যাগ করায় এখনই পুরবোর্ড ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পুরপ্রধানের পদত্যাগের সিদ্ধান্তে শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাকি কাউন্সিলার সহ ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেননি। তাই পুরবোর্ড চালাতে সমস্যা হবে না। 

    নিউ বারাকপুর পুরসভায় ২০টি ওয়ার্ড। ১ জন বাম কাউন্সিলার ছাড়া বাকি ১৯ জন তৃণমূলের। এদিন কাউন্সিলার ও চেয়ারম্যানের পদ থেকে প্রবীর সাহা পদত্যাগপত্র পাঠান প্রতিনিধির হাতে। পুরসভার এগজিকিউটিভ অফিসার আইনি বিষয়ের কথা উল্লেখ করে তা নিতে অস্বীকার করেন। ওই প্রতিনিধি পদত্যাগপত্র পুরসভার রিসিভ সেকশনে জমা করে দেন। কেন এই পদত্যাগ? সূত্রের খবর, পুরসভার আধিকারিকরা আর চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আগের মতো আলোচনা করছেন না। প্রকল্পের কাজ শুরু হয়ে যাচ্ছে চেয়ারম্যান সহ কাউন্সিলারদের অজ্ঞাতে। আবার বিধায়ক এসে পুরসভার দুর্নীতি নিয়ে মুখের উপর মন্তব্য করছেন। সবমিলে চাপে ছিলেন চেয়ারম্যান। তাঁর পদত্যাগ তৃণমূলের অন্দরে চাঞ্চল্য তৈরি করেছে। যদিও প্রবীরবাবু বলেন, আমি একা পদত্যাগ করেছি। আমার শারীরিক পরিস্থিতি ভালো নয়। আর পুরসভায় যাওয়ার প্রশ্ন নেই। 

    তিনি যে পদত্যাগ করবেন, তা দিন চারেক আগেই কাউন্সিলারদের জানিয়ে দিয়েছিলেন। তবে দলের অন্য কাউন্সিলাররা তাঁর সঙ্গে পদত্যাগ করতে রাজি হননি। পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস বেঙ্গালুরুতে রয়েছেন। এদিন নিউ বারাকপুর পুরাতন বাজার বয়েজ স্কুল মোড়ে দলীয় অফিসে শহর তৃণমূল সভাপতি নির্মিকা বাগচির ডাকে মিটিং করেন প্রায় ১৫ জন কাউন্সিলার। যদিও সেই বৈঠকে প্রবীরবাবু অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেখানেও পদত্যাগের প্রসঙ্গ ওঠে। যদিও কাউন্সিলার রাজি হননি। 

    এই প্রসঙ্গে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, চেয়ারম্যান কেন ইস্তফা দিলেন সেটা তিনি বলতে পারবেন। তবে কয়েকদিন আগে আমি নিউ বারাকপুর পুরসভায় গিয়ে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়ে এসেছি। কত বেআইনি নির্মাণ হয়েছে, কতগুলি পুকুর ভরাট হয়েছে তার বিস্তারিত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে চেয়েছি। তবে মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। প্রবীরবাবু বলেন, আমি পদত্যাগ করেছি। সরকার ও প্রশাসন তো ওঁদের হাতে। তদন্ত করুন। 
  • Link to this news (বর্তমান)