• চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জেলে, পুর পরিষেবা নিয়ে উদ্বেগ
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পথ অবরোধ সহ একাধিক মামলার জেরে জেলে গিয়েছেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। আগামী ৪ জুন পর্যন্ত তাঁদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন চুঁচুড়া আদালতের বিচারক। এই পরিস্থিতিতে চুঁচুড়া পুরসভা পরিচালনা নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে দুই শীর্ষ পদাধিকারীর অনুপস্থিতিতে নাগরিক পরিষেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, আজ মঙ্গলবার পুর এলাকার শহুরে বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আছে। ওই কমিটিতে দু’জন সরকারি আধিকারিকের সঙ্গে চেয়ারম্যান ও একজন সিআইসি সদস্য আছেন। চেয়ারম্যান এখন জেলে, আর ওই সিআইসি সদস্য ছুটিতে গিয়েছেন। ফলে পুর পরিষেবা নিয়ে উদ্বেগের মাত্রা বেড়েই চলেছে। 

    যদিও পুরসভার প্রশাসনিক মহলের দাবি, সদ্য পুরসভার বোর্ড মিটিং হয়েছে। ফলে নীতিগত সিদ্ধান্তের বিষয়গুলি নিয়ে আপাতত সমস্যা হবে না। কিন্তু দীর্ঘদিন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান অনুপস্থিত থাকলে সমস্যা হতে বাধ্য। আবার, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ওই দু’জন দু’টি ওয়ার্ডের কাউন্সিলার। ওই দুই ওয়ার্ডের নাগরিকদের নানা নথি প্রয়োজন হয়। যা কাউন্সিলাররা দিয়ে থাকেন। সেই কাজও ব্যাহত হবে। ফলে নাগরিকদের সমস্যায় পড়তে হবে। এনিয়ে পুরসভার সিআইসি সদস্য জয়দেব অধিকারী বলেন, চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আইনি জটিলতায় জড়িয়েছেন। একারণে পুরসভার প্রাত্যহিক কাজ পরিচালনায় স্বাভাবিকভাবেই সমস্যা হবে। তবে সদ্য বোর্ড অব কাউন্সিলার্সের বৈঠক হয়েছে। তাতে সমস্যা কিছুটা কম হবে। তবে দুই শীর্ষকর্তার বন্দি দশা কতদিন থাকবে, তার উপর নির্ভর করছে পুরসভার সংকট কতটা গভীর হবে। তবে চুঁচুড়াবাসীকে আশ্বস্ত করেছেন এলাকার বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, মানুষকে আমরা সমস্যায় পড়তে দেব না। যাতে পরিষেবা নিয়ে সমস্যা না হয়, তা দেখা হবে। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব। আশা করছি, প্রাত্যহিক পরিষেবা সহ কোনো কাজই ব্যাহত হবে না।

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল কর্মীরা সেই ডাকে সাড়া দিয়ে পিপুলপাতি মোড়ে অবরোধ করেন। সেখানে সৌমিত্র ঘোষ ও পার্থ সাহা ছিলেন। রবিবার পুলিশ অসিত, সৌমিত্র ও পার্থ সহ দশজনকে গ্রেপ্তার করে। আদালত তাঁদের মধ্যে প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জেল হেপাজতে রাখার নির্দেশ দেয়। ফলে পুর পরিষেবা নিয়ে নাগরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)