নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবছরের তুলনায় চলতি অর্থবর্ষের মে মাসে জিএসটি আদায় কমল পশ্চিমবঙ্গে। কেন্দ্রের প্রকাশিত রাজ্যভিত্তিক জিএসটি সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২০২৫ সালের মে মাসে জিএসটি আদায় হয়েছিল ৫,৮৭১ কোটি টাকা। সেই তুলনায় ২০২৬ সালের মে মাসে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫,৩২৭ কোটি টাকা। ফলে রাজ্যের জিএসটি সংগ্রহ ৯ শতাংশ হ্রাস হয়েছে।
রাজ্যের জিএসটি সংগ্রহে এই পতন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। শিল্প, বাণিজ্য এবং পরিষেবা খাতের বৃদ্ধির গতি কিছুটা শ্লথ হওয়া, ভোগ্যপণ্যের চাহিদায় ওঠানামা এবং ব্যবসায়িক কার্যকলাপের মন্থরতা এই হ্রাসের অন্যতম কারণ হতে পারে বলেই অনুমান। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের একাধিক বড়ো রাজ্যেও ২০২৫ সালের মে মাসের তুলনায় এবারের মে মাসে জিএসটি আদায় কমেছে। মহারাষ্ট্রে জিএসটি সংগ্রহ কার্যত স্থিতিশীল থাকলেও তামিলনাড়ুতে ১৫ শতাংশ, দিল্লিতে ১৭ শতাংশ এবং রাজস্থানে ১১ শতাংশ হ্রাস করেছে। অন্যদিকে, উত্তরপ্রদেশে ১৩ শতাংশ, হরিয়ানায় ৮ শতাংশ এবং তেলেঙ্গানায় ৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জিএসটি আদায় ২০২৫ সালের মে মাসে ছিল ১,৩৮,১০২ কোটি টাকা, যা ২০২৬-এর মে মাসে কমে দাঁড়িয়েছে ১,৩৪,৫৩০ কোটি টাকায়। ফলে জাতীয় স্তরে জিএসটি আদায়ও ৩ শতাংশ কমেছে। বিশেষজ্ঞদের মতে, আগামীতে পরিস্থিতি বদলাতে পারে।