• বৃহত্তম ১০ অর্থনীতির মধ্যে জ্বালানি কেনার সামর্থ্য সর্বনিম্ন ভারতীয়দেরই
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম ১০ অর্থনীতির মধ্যে পেট্রল ও ডিজেল কেনার সামর্থ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ভারত। পরিসংখ্যান বলছে, দেশের গড় আয়ের সমান উপার্জন করেন এমন কোনো ভারতীয় এক দিনের উপার্জনে মাত্র ৮ লিটার পেট্রল বা ডিজেল কিনতে পারেন। যেখানে মার্কিন মুলুকের বাসিন্দারা কিনতে পারেন ১৯৯ লিটার পেট্রল বা ১৭১ লিটার ডিজেল। তালিকার ৯ নম্বরে রয়েছে ব্রাজিল। সেদেশের কোনও নাগরিকেরও দৈনিক বেতনে জ্বালানি কেনার ক্ষমতা ভারতীয়দের চেয়ে ২০ লিটারের বেশি। গ্লোবালপেট্রলপ্রাইসেস.কম নামের একটি প্ল্যাটফর্মের দেওয়া গত ২৫ মের বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানির দাম তুলনামূলক আলোচনা করে এই তথ্য মিলেছে ।

    প্রথম ১০ অর্থনীতির মধ্যে ভারত ও ব্রাজিলের উপরেই রয়েছে চীন ও রাশিয়া। গড় বেতনে সামর্থ অনুযায়ী চীনের বাসিন্দারা দৈনিক ৩১.৯ লিটার পেট্রল বা ২৮.৭ লিটার ডিজেল কিনতে পারেন। রুশ নাগরিকদের পেট্রল বা ডিজেলের ক্রয়ক্ষমতা যথাক্রমে ৪১.৬ লিটার ও ৩৬.৬ লিটার। তালিকায় থাকা অপর চার দেশ ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও জাপানের নাগরিকরা একদিনের বেতনে কিনতে পারেন ৫০ লিটারের বেশি পেট্রল।

    অন্যদিকে গোটা বিশ্বের দেশগুলির মধ্যে পেট্রল-ডিজেলের ক্রয়ক্ষমতার নিরিখে সবচেয়ে এগিয়ে লিবিয়া। সেদেশের নাগরিকরা একদিনের বেতনে ৭৮৯ লিটার পেট্রল বা ডিজেল কিনতে পারেন। আবার সবচেয়ে সস্তা ডিজেল পাওয়া যায় ভেনেজুয়েলায়। দক্ষিণ আমেরিকার দেশটিতে এক দিনের বেতনে ২,৫৭৩ লিটার ডিজেল কেনা সম্ভব। ইরান, কুয়েত, কাতারের মতো দেশগুলিও এই তালিকার উপরের দিকে রয়েছে।

    অন্যদিকে জ্বালানি কেনার সামর্থ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে আফ্রিকার দেশগুলি। মালাউই ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশে একদিনের গড় বেতনে এক লিটার জ্বালানিও কেনা সম্ভব নয়। বুরুন্ডি, মোজাম্বিক, মাদাগাস্কার সহ আফ্রিকার আরও বেশ কয়েকটি দেশে এই ক্রয়ক্ষমতা ২ লিটারেরও কম।
  • Link to this news (বর্তমান)