• ডুরান্ড কাপ নিয়ে নয়া প্রস্তাব মোহন বাগানের, ছাড়পত্র পেলে নিয়মে বড় বদল
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর সংকটে ভারতীয় ফুটবল। দেশের শীর্ষ লিগের ভবিষ্যৎ নিয়ে চরম ধোঁয়াশা। তাই নতুন মরশুমের দল গঠনের প্রক্রিয়া থমকে আইএসএল সিংহভাগ ক্লাবের। এমনকি, সঠিক রূপরেখা না পেলে দল তুলে নেওয়ার ভাবনা চিন্তা করছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে বুধবার থেকে কলকাতা লিগের প্রস্তুতিতে নেমে পড়ছে মোহন বাগান। সিনিয়র দলের সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানেই ঘরোয়া লিগের অনুশীলন সারবেন দীপ্যেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা। গত কয়েক বছর ঘরোয়া লিগকে মূলত ফুটবলার তুলে আনার মঞ্চ হিসেবেই দেখছিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। তবে সদ্য সমাপ্ত আইএসএলে দল ব্যর্থ হতেই এবার কলকাতা লিগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই মতো সায়ন ব্যানার্জি, তন্ময় ঘোষ সহ বেশ কিছু বাঙালি ফুটবলারকে দলে নিয়েছে তারা। একইসঙ্গে এবারের ডুরান্ড কাপেও ভালো ফল করতে মরিয়া মোহন বাগান। ইতিমধ্যেই টুর্নামেন্টের আয়োজকদের খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে তারা। একইসঙ্গে আগামী দিনে আরও বেশি করে ভারতীয় ফুটবলার তুলে আনার লক্ষ্যে এবার টুর্নামেন্টে বিদেশি সংখ্যা কমানোর প্রস্তাব রেখেছে বাগান টিম ম্যানেজমেন্ট। ১৫ জুলাই শুরু হওয়ার কথা ডুরান্ড কাপের।
  • Link to this news (বর্তমান)