• ‘যে বদলই আসুক, আমার কাছে সিনেমাই গুরুত্বপূর্ণ’, ঋতুপর্ণা সেনগুপ্ত
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • অনুপ দাসের ‘রেখা’ ছবির শ্যুটিংয়ে ছিমছাম লুকে ক্যামেরার সামনে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেমন চলছে শ্যুটিং? জানালেন নায়িকা।

    উত্তর কলকাতার বনেদি বাড়ি। সামনে দাঁড়ালেন ছবির নায়িকা। ছিমছাম সাজ। পরনে নীল-সাদা চুড়িদার, কানে ঝুমকো, চোখে কাজল, ছোট্টো কালো টিপ আর লম্বা বিনুনি। অনুপ দাসের পরিচালনায় ‘রেখা’ সিনেমার পর্দার ‘বুলি’। অর্থাৎ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেবল অভিনেত্রী নন, ছবির প্রযোজকও তিনিই। তাঁর প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ এই ছবির প্রযোজনার দায়িত্বে। গল্প আবর্তিত হয়েছে উত্তর কলকাতার এক প্রবীণ মহিলা রেখাকে ঘিরে। সেই চরিত্রে মমতা শংকর। প্রথমে অবশ্য এই চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী নাফিসা আলির। শারীরিক অসুস্থতার কারণে কাজটি করতে পারেননি তিনি। গল্প অনুযায়ী, স্বামীর সব স্মৃতি বুকে আগলে রেখে, বহু বছরের পুরানো বাড়িকে বাঁচানোর লড়াই রেখা ভট্টাচার্যর। এই প্রবীণ মহিলার প্রোমোটারের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পাশে শক্ত খুঁটির মতো দাঁড়িয়েছে পরিচারিকা বুলি। একের পর এক শট দেওয়ার ফাঁকে খানিক অবসর। ঋতুপর্ণা জানালেন, ‘কিছু মানুষ আছেন যাঁরা স্মৃতি থেকে বের হতে পারেন না, আবেগ নিয়ে থাকেন, সেরকমই একটি গল্প ফুটে উঠবে এই ছবিতে।’
    ‘দহন’ আর ‘উৎসব’— ঋতুপর্ণ ঘোষের কালজয়ী দুই সৃষ্টির পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন মমতা শংকর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই কাজের মুহূর্তগুলোকে মাথায় রেখে ঋতুপর্ণা জানালেন, ‘এটা আমার কাছে একটা বড়ো প্রাপ্তি, মমদি এত ভালোবেসে কাজটা করছেন। আমার প্রতি ওঁর একটা মাতৃস্নেহ রয়েছে।’ কথার মাঝেই আবেগপ্রবণ ঋতুপর্ণা। মা-বাবাকে হারিয়ে এখন তিনি আদরের শাসনকে খোঁজেন। মাতৃবিয়োগের পর পাশে দাঁড়িয়েছিলেন প্রিয় মমদি। সেই কথা মনে করে বললেন, ‘এই মানুষগুলো জীবনে সত্যিই ভীষণ মূল্যবান।’ এই ছবিতে অত্যন্ত সাদামাটা লুকে ধরা দেবেন নায়িকা। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজের ব্যস্ততার জন্য নিজের যত্ন নিতে পারেন না পরিচারিকারা। তাঁদের চুলের অবস্থা যেমন থাকে, ঠিক তেমনভাবেই এখানে দেখানো হচ্ছে। বাস্তবের সঙ্গে মিল রেখেই এইভাবে লুক তৈরি হয়েছে।’

    রাজ্যে পালাবদলের সঙ্গে বদল টলিউডেও। সেই প্রসঙ্গে ঋতুপর্ণা জানালেন, ‘যে বদলই আসুক, আমার কাছে সিনেমার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে। সিনেমা কর্মী হিসাবে চাইব, আরও বেশি সিনেমা হোক। আরও বেশি মানুষ কাজ করুক ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি আরও বড়ো হোক।’ সমাজমাধ্যমে হামেশাই ট্রোলের শিকার হতে হয় ঋতুপর্ণাকে। ‘আমার কাছে কাজটাই বড়ো কথা। এই কথাগুলির কোনো মূল্য নেই’, দৃপ্ত কণ্ঠে জবাব অভিনেত্রীর। ইতিমধ্যেই পরবর্তী শটের জন্য ডাক। সিন বুঝে নিয়ে বুলি দাঁড়াল ক্যামেরার সামনে।

    জ্বলে উঠল লাইট। পরিচালক বলে উঠলেন, ‘ক্যামেরা রোলিং? অ্যাকশন’। দরজা ঠেলে বুলি ঢুকল, মাসিমা রেখার বাড়িতে।
  • Link to this news (বর্তমান)