মেয়েকে নৃশংস ভাবে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। নিহতের নাম গায়ত্রী বাসেকর। ঘটনার তিন দিন পরে সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের কল্যাণের ঘটনা। পুলিশ জানিয়েছে, গায়ত্রী ভিন্ন সম্প্রদায়ের এক তরুণকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন। সেই কারণেই অভিযুক্ত বাবা মেয়েকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশের দাবি, জেরায় ধৃত মেয়েকে খুনের কথা স্বীকারও করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিনোদ বাসেকর। তাঁকে ঘটনার তিন দিন পরে বাজেরপেঠ থানার গ্রেপ্তার করা হয়। গায়ত্রী তাঁর পরিবারের ইচ্ছের বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের এক যুবককে বিয়ে করেছিলেন। বিয়ের পরে তিনি কয়েক দিনের জন্য বাপের বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন দুপুরে পরিবারের সকলে একসঙ্গে বসে খাবারও খান। এর পরে গায়ত্রীর সঙ্গে তাঁর বাবার বচসা বাধে। সেই সময়ে রাগ সামলাতে না পেরে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে মেয়ের উপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই গায়ত্রীর মৃত্যু হয়। এর পরে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গায়ত্রীর বিয়ে নিয়ে পরিবারের লোকজন আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। বিনোদ আগে মেয়ের জন্য দু'বার অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ ঠিক করেছিল। কিন্তু গায়ত্রী প্রতিবারই সেই সম্বন্ধ নাকচ করে দেন। পরে তিনি নিজের পছন্দের যুবককে বিয়ে করেন।
ঘটনার পরে পুলিশ টানা তিন দিন খোঁজাখুঁজির পর অবশেষে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত বিনোদকে কল্যাণের একটি আদালতে হাজির করানো হয়। বিচারক অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।