মালদহে চলন্ত বাইকে দাউদাউ করে জ্বলল আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন আরোহী
News18 বাংলা | ০২ জুন ২০২৬
: চলন্ত বাইকে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানার সুরতপুর এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাইক আরোহী হৃদয় মণ্ডল। আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় তাঁর বাইক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের আমলাপাড়ার বাসিন্দা হৃদয় মণ্ডল দোকানের হালখাতার কার্ড বিলি করতে সুরতপুর এলাকায় গিয়েছিলেন।
সোমবার দুপুরে কাজ সেরে ফেরার পথে তাঁর বাইকের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাইক থেকে নেমে যান। এরপরই মুহূর্তের মধ্যে বাইকটিতে আগুন ধরে যায় এবং দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছলেও তার আগেই বাইকটি সম্পূর্ণ পুড়ে যায়। বাইকচালক হৃদয় মণ্ডল জানান, ফেরার সময় এক ব্যক্তি তাঁকে বাইক থেকে ধোঁয়া বের হওয়ার কথা জানান। সঙ্গে সঙ্গে তিনি নেমে পড়েন। তিনি বলেন, “বাইক থেকে নামতেই আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না।”
আগুন লাগার সময় সামান্য আহত হয়ে তাঁর মাথার কিছু অংশ পুড়ে যায় বলেও জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী মহম্মদ আসিফ বলেন, “হঠাৎ বাইক থেকে ধোঁয়া উঠতে দেখি। এরপর আমরা আগুন নেভানোর চেষ্টা করি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক।” কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি তীব্র গরমের প্রভাব তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।