নদিয়ায় নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল ও নার্সিং কলেজ? নয়া সরকারের বড় পরিকল্পনা
News18 বাংলা | ০২ জুন ২০২৬
: শান্তিপুর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন এবং এটিকে একটি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার লক্ষ্যে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হল এদিন। স্থানীয় বিধায়ক শ্রী স্বপন কুমার দাসের উদ্যোগে গঠিত একটি প্রতিনিধি দল এদিন হাসপাতাল চত্বরটি সরজমিনে খতিয়ে দেখেন। এই পরিদর্শনে প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারও।
দীর্ঘদিন ধরেই শান্তিপুরের সাধারণ মানুষের দাবি ছিল এই হাসপাতালের পরিকাঠামো উন্নত করার। প্রতিদিন শান্তিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা ব্যবস্থার অভাবে অনেক সময়ই রোগীদের কল্যাণী বা রাণাঘাট হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই সমস্যার স্থায়ী সমাধানের জন্য হাসপাতালটিকে সুপার স্পেশালিটি করার জন্য একটি ২০ দফা দাবিপত্র ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দফতরের কাছে পেশ করা হয়েছে।
এদিনের এই পরিদর্শনের পর প্রতিনিধি দলের পক্ষ থেকে বাপ্পা হালদার জানান যে, হাসপাতাল চত্বরে প্রচুর জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যার অনেক ক্ষেত্রে অপব্যবহারও হচ্ছে। এই অব্যবহৃত জমি ও পরিকাঠামোকে কাজে লাগিয়ে কীভাবে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা যায় এবং সঙ্গে একটি নার্সিং কলেজ চালু করা যায়, সেই বিষয়ে তাঁরা রূপরেখা তৈরি করছেন।
এছাড়াও হাসপাতালের বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা যেমন, দালাল চক্রের উপদ্রব, সাইকেল ও মোটরসাইকেল গ্যারেজের সমস্যা এবং টোটো চালকদের অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে হাসপাতালের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় টোটো ও যানজট সমস্যা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, হাসপাতালটিকে আধুনিক রূপ দেওয়ার জন্য পুরনো কোনও অব্যবস্থা আর রাখা হবে না।