• স্কুলে ফি দিতে না পারায় মানসিক হেনস্থার অভিযোগ, চরম সিদ্ধান্ত দ্বাদশ শ্রেণির পড়ুয়ার
    এই সময় | ০২ জুন ২০২৬
  • স্কুলের ফি দিতে না পারায় মানসিক হেনস্থার অভিযোগ দ্বাদশ শ্রেণির এক পড়ুয়াকে। যার জেরে ওই পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে সূত্রের খবর। মৃত ছাত্রীর নাম আমজোত কৌর (১৭)। ঘটনাটি দিন কয়েক আগে ঘটলেও প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। পাঞ্জাবের অমৃতসরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ওই তরুণী একটি ভিডিয়ো রেকর্ড করেছে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, আমজোত মাসির বাড়িতে থেকে পড়াশোনা করত। ২২ মে সে আত্মহত্যার চেষ্টা করে। এর পরে ২৩ মে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে সে একটি ভিডিয়ো বিবৃতি দেয়। ভিডিয়োয় আমজোত অভিযোগ করে, ১১ মে তাঁকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে স্কুল কর্তৃপক্ষ তার উপরে প্রচণ্ড মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ। ভিডিয়োয় আমজোত প্রশাসনের কাছে নিজের জন্য বিচার চেয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রায় ২০ হাজার টাকা ফি বাকি ছিল আমজোতের। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও স্কুলের কর্মীরা বকেয়া টাকা মেটানোর জন্য ওই কিশোরীর উপর অনবরত চাপ দিচ্ছিলেন।

    অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার এবং সদর থানার SHO কিরণদীপ সিং জানিয়েছেন, ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে দল গঠন করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাঞ্জাবের মন্ত্রী হরজোত সিং বাইন্স ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোরব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, NEET-UG পরীক্ষা বাতিল হওয়ায় ঝাড়খণ্ডের কোডারমায় এক তরুণীর আত্মহত্যার অভিযোগ। অবসাদের কারণেই ওই তরুণী আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে নিজের ঘরে অনলাইন মক টেস্ট দেওয়ার সময় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বিহারের নওয়াদার ঘটনা। তরুণীর পরিবারের দাবি, পরীক্ষা বাতিল হওয়া এবং পের পরীক্ষা দেওয়ার ভয়েই সে চরম সিদ্ধান্ত নিয়েছে। ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)