আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তারকেশ্বরে এলেন শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ নাগাদ প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশে যান। তারপর মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাসে হুগলি জেলার নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।
কলকাতা থেকে সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে - সিঙ্গুর - কামারকুন্ডু - নালিকুল - তারকেশ্বর জয়কৃষ্ণবাজার - পদ্মপুকুর - চাউলপট্টি হয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছন তিনি। বৈঠকের পর তারকেশ্বর ও ধানিয়াখালিতে সম্ভাব্য ২টি স্থান তিনি পরিদর্শন করবেন। যেখানে আগামী ২০ জুন প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিরোধী দল নেতা থাকাকালীন নবান্ন অভিযানের স্বপক্ষে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তারকেশ্বর শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে শুভেন্দু অধিকারীকে লক্ষ করে কালো পতাকা দেখানো এবং পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগে তারকেশ্বরে একটি জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী।
এর পর রাম মন্দির প্রতিষ্ঠার আগে রামের মূর্তি মাথায় নিয়ে গোটা তারকেশ্বর শহর পরিক্রমা করেছিলেন শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী সরকার তারকেশ্বর ডেভলপমেন্ট অথরিটি বা টিডিএ করেছিল। তারকেশ্বর মন্দিরকে ঘিরে এই জনপদের উন্নয়ন ছিল উদ্দেশ্য। গত কয়েক বছরে কয়েকটি তোরণ ছাড়া আর কিছুই হয়নি বলে মত তারকেশ্বরবাসীর।
২৬-এর বিধানসভা ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তারকেশ্বর হবে কাশী বিশ্বনাথের মতো।
হুগলিতে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারকেশ্বর নিয়ে বলতে শোনা গেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই এবার তারকেশ্বরে এলেন। তাই তারকেশ্বরবাসীদের আশা তারকেশ্বরের উন্নয়ন নিয়ে বার্তা দেবেন তিনি।