• হরমুজ সংকটের মধ্যেই ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সেপা’ কার্যকর ভারতের, কী লাভ হবে নয়াদিল্লির?
    প্রতিদিন | ০২ জুন ২০২৬
  • ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধ শুরু থেকেই হরমুজ প্রণালী অবরুদ্ধ। দিনদিন সমস্যা বাড়ছে অশোধিত তেলের আমদানি-রপ্তানিতে। এই অবস্থায় সোমবার থেকে ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সেপা’ কার্যকর করল নয়াদিল্লি (India-Oman Trade Deal)। ওমানের সঙ্গে বাণিজ্য আরও মসৃণ হলে হরমুজ প্রণালী এড়িয়ে বহু পণ্যের লেনদেন সম্ভব হবে। ইতিমধ্যেই আরব সাগর ঘেঁষা ওমান উপকূল বরাবর জাহাজ চলাচল শুরু করেছে বেশ কয়েকটি দেশ। ভারতেরও কিছু জাহাজ ওই পথ দিয়ে যাচ্ছে। চুক্তি কার্যকর হওয়ার ফলে এই সুবিধা আরও বেশি মিলবে।

    গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওমান সফরের সময়ে এই চুক্তি সই হয়েছিল। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে বলেন, “এই চুক্তি ভারতের অর্থনীতিতে নতুন জোয়ার আনবে। দেশের ছোট ও মাঝারি শিল্প, কৃষক, মৎস্যজীবী এবং কারিগরদের তৈরি পণ্যের জন্য বিদেশের বাজার খুলে যাবে, যা বিপুল কর্মসংস্থান তৈরি করবে।”

    এবার থেকে ওমানে ভারতের প্রায় ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের উপর আর কোনও কর লাগবে না। জামাকাপড়, সোনাদানা, চামড়ার জুতো, ওষুধ, প্লাস্টিক এবং গাড়ির মতো শ্রমনিবিড় শিল্পগুলি এই শুল্কমুক্ত সুবিধার আওতায় আসছে। আগে যেখানে ওমানে ভারতের বহু পণ্যে চড়া কর দিতে হত, এখন তা শূন্য হয়ে যাওয়ায় ওমানের বাজারে ভারতীয় পণ্যের বিক্রি ও জনপ্রিয়তা দুই-ই বাড়বে। ওমানও ভারতের বাজারে বড় ছাড় পাবে। বিশেষ করে ভারত ওমান থেকে যে বিপুল পরিমাণ জ্বালানি তেল, রান্নার গ্যাস (এলএনজি) এবং সার আমদানি করে, সেগুলির ক্ষেত্রে ভারত সরকার কর তুলে দেবে বা অনেক কমিয়ে দেবে।
  • Link to this news (প্রতিদিন)