• হিংসার মণিপুরের পণবন্দি ২০ নাগরিক, মুক্তির দাবিতে সরব নাগাল্যান্ড, মেঘালয়ের মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ০২ জুন ২০২৬
  • মণিপুরের উখরুল জেলার লিতান থানার ইম্ফল-উখরুল সড়কে আটকে পড়া ২০ জন নাগরিককে (১৪ জন কুকি এবং ৬ জন নাগা) অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সাম্প্রতিক হিংসার পর বন্দি থাকা এই ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাঁদের নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

    গত ১৩ মে’র ঘটনা। সে দিন সকাল ১০টা নাগাদ জঙ্গিরা দুটি গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এই হামলায় নিহত হন ব্যাপটিস্ট কনভেনশনের (এমবিসি) প্রাক্তন সাধারণ সম্পাদক রেভারেন্ড ডঃ ভি সিতলহৌ, রেভারেন্ড কাইগোলুন, যাজক পাওগোলেন এবং গাড়ির চালক লেলেন। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম অফ নর্থ ইস্ট ইন্ডিয়া এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে একটি বর্বর ও অমানবিক কাজ বলে অভিহিত করে। ফোরামের মুখপাত্র অ্যালেন ব্রুকস এক বিবৃতিতে জানান, নিহতরা শান্তি ও আধ্যাত্মিক সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এই হামলা শুধু ব্যক্তিদের উপর নয়, বরং উত্তর-পূর্ব ভারতের ভ্রাতৃত্ববোধ ও জীবনের পবিত্রতার উপর আঘাত।

    সেই ঘটনার পর ২০ জনকে পণবন্দি করা হয়। যার মধ্যে নাগা সম্প্রদায়ের অন্তত ৬ জন সদস্য ছিলেন। মণিপুরে দীর্ঘস্থায়ী জাতিগত হিংসার মধ্যে ধর্মীয় নেতাদের উপর এই লক্ষ্যভ্রষ্ট হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অবিলম্বে ভারত সরকার এবং মণিপুর রাজ্য সরকারকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
  • Link to this news (প্রতিদিন)