তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিন সিং। তিনি ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সূত্রের খবর, নারকেলডাঙা এলাকায় তোলাবাজি, প্রতারণা ও কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে।
আজ সকাল থেকে নারকেলডাঙার এই তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন উত্তেজিত জনতা। বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর, ঢিল। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি করছিলেন সচিন (Sachin Singh)। এছাড়াও একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মারধর, হুমকির অভিযোগ তো রয়েছেই। এসব নিয়ে জনতার ক্ষোভের মাঝে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিনকে মঙ্গলবার গ্রেপ্তার করল পুলিশ। সচিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকার একাধিক পার্কিং-সহ বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করছেন।
রাজ্যে পালাবদলের পর রাজ্যজুড়ে বহু তৃণমূল কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। আলিপুর আদালতে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম ও জুতো। এমনকী চোর চোর স্লোগানও ওঠে।
বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলাবাজি, দুর্নীতিতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে শহর কিংবা শহরতলিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতানেত্রীরা। বাদ যাচ্ছেন না তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন বিধায়করাও। এবার সেই তালিকায় কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর যুক্ত হলেন।