• কাচ্চি ঘানি সরষে তেলের আড়ালে মুর্শিদাবাদে রমরমিয়ে চলছিল ভয়ঙ্কর কারবার! হানায় ফাঁস বড় চক্র
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • : ঘানি মিলের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল ভেজাল তেলের রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে সেই ভেজাল তেলের চক্র ফাঁস করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) এবং সাগরদীঘি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার মনিগ্রাম এলাকায়। এই অভিযানে উদ্ধার হয়েছে ২০০ লিটারেরও বেশি ভেজাল তেল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিলের এক মালিককে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গেছে, মনিগ্রাম এলাকার একটি বাড়িতে ঘানি মিলের আড়ালে দীর্ঘদিন ধরে এই ভেজাল তেলের ব্যবসা চালানো হচ্ছিল। খবর পেয়েই পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে সেখানে হানা দেন। হাতেনাতে উদ্ধার হয় ড্রাম ভর্তি ভেজাল তেল। এরপরই মিলের মালিক শুভাশিস সাহাকে আটক করা হয়।​ উদ্ধার হওয়া তেল সত্যিই ভেজাল নাকি অন্য কোনও ভোজ্য তেলের সংমিশ্রণ ঘটানো হচ্ছিল, তা খতিয়ে দেখতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

    এই চক্রের পিছনে আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ। যদিও ধৃত তেল মিল মালিক শুভাশিস সাহার দাবি, “আমি মিলের মাধ্যমে খাঁটি তেল তৈরি করে বিক্রি করতাম। পাশাপাশি বাইরে থেকে রাইস ব্র্যান অয়েল (ধানের কুঁড়োর তেল) কিনে এনেও বিক্রি করতাম। বিক্রির উদ্দেশেই ওই তেল টিনগুলি এখানে মজুত করে রাখা ছিল। আমি এবং আমার বন্ধু শুভঙ্কর সাহা মিলে এই ব্যবসা চালাতাম।”

    ধৃত মালিক আরও জানান, ‘লাড্ডু গোপাল’ নামক নিজস্ব ট্রেডমার্ক ও ব্র্যান্ডের প্যাকেজিং ব্যবহার করে ঘানি এই তেল বাজারে বিক্রি করা হত। মুর্শিদাবাদ জেলাতে এত পরিমাণ ভেজাল তেল সন্ধান মিলতেই নড়ে চড়ে বসে প্রশাসন। আগামী দিনে আরও অভিযান চলবে বলেই জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
  • Link to this news (News18 বাংলা)