: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের কথা বিভিন্ন সময়ে প্রচারে উঠে এসেছে। ২০২৬ সালের ভোট প্রচারেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রোধের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছিলেন। তবে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের বানপুর-মাটিয়ারী গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় তিন কিলোমিটার অংশ এখনও কাঁটাতারবিহীন থাকায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীঘেরা এই সীমান্তবর্তী এলাকায় অতীতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং রাতের অন্ধকারে দুষ্কৃতীদের প্রবেশের অভিযোগ বহুবার উঠেছে। গ্রামবাসীদের দাবি, সীমান্তের যেসব অংশে কাঁটাতারের বেড়া নেই, সেসব জায়গা দিয়েই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে। পাশাপাশি গবাদি পশু চুরি, চুরি-ডাকাতি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে কৃষ্ণগঞ্জ সীমান্তের বিজয়পুর গ্রাম সংলগ্ন প্রায় তিন কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন। এই অংশটি সম্পূর্ণ নদী দ্বারা বেষ্টিত। নদীর এক পাড়ে বাংলাদেশ এবং অন্য পাড়ে ভারত হওয়ায় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে।
তবে পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সীমান্তের কিছু জমি এখনও অধিগ্রহণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হলেই বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে। তিনি আরও জানান, প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সীমান্ত সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগোতে দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অসামাজিক কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে সীমান্তবাসীদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাও আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন তাঁরা।