মৃত্যুর মুখে সন্তানকে নিয়ে ঝাঁপ, তবু প্রাণে রক্ষা শিশুর! তরুণীর মৃত্যু ঘিরে রহস্য
News18 বাংলা | ০২ জুন ২০২৬
কোলে শিশু নিয়ে ট্রেনের সামনে ঝাঁপে মর্মান্তিক মৃত্যু তরুণীর, বাঁচল শিশু। উত্তর ২৪ পরগনার শিয়ালদহ-হাসনাবাদ শাখার মাটনিয়া অনন্তপুর স্টেশনের কাছে এক মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন আপ লাইনে একটি চলন্ত ট্রেনের সামনে কোলে শিশু নিয়ে ঝাঁপ দেন এক তরুণী। ঘটনায় তরুণীর মৃত্যু হলেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যায় শিশুটি।
রেল সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা বর্মন (২৩)। তবে তাঁর বাড়ির ঠিকানা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোলে শিশুকে নিয়ে তিনি হঠাৎই রেল লাইনে নেমে পড়েন। এরপর দ্রুতগতির আপ ট্রেনটি এসে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও রেলকর্মীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে ওই তরুণী এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় স্টেশন সংলগ্ন এলাকায় উপস্থিত বহু মানুষ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুনঃ ৭০ কিলোমিটার পথ হুইলচেয়ারে! চাকরির খোঁজে এসে যা পেলেন সোমা, তা অনুপ্রেরণা সবার জন্য
মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত রেল পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতার পরিচয়, পরিবারের সদস্যদের সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আশপাশের স্টেশন ও থানাগুলিকেও বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর।
রেল পুলিশের পক্ষ থেকে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির সঙ্গে মৃতার সম্পর্ক মা’ বলে প্রাথমিক ধারণা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একদিকে তরুণীর অকাল মৃত্যু, অন্যদিকে মায়ের কোলে থাকা শিশুটির অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।