এয়ার গান দিয়ে একের পর এক নিরীহ পশুপাখিকে খুন... চাকদায় ভয়ঙ্কর অভিযোগ
News18 বাংলা | ০২ জুন ২০২৬
এয়ার গান দিয়ে একের পর এক নিরীহ পশুপাখি গুলি করে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাকদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা দীপক সরকার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর এয়ার গান দিয়ে এলাকায় অত্যাচার চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী রিংকু সেন জানান, বিকাল সাড়ে ৪টে নাগাদ তিনি বাড়ি থেকে বেরনোর সময় দেখতে পান যে পাশের বাড়ির পাঁচিলে একটি বিড়াল বসে আছে। আচমকাই একটি গুলির শব্দ শোনা যায়। বিড়ালটি পাঁচিল থেকে নীচে পড়ে ছটফট করতে থাকে। কাছে গিয়ে দেখা যায় বিড়ালটির শরীরের একপাশ থেকে রক্ত বের হচ্ছে। রিঙ্কুবাবুর অভিযোগ, দীপক সরকার নামের ওই ব্যক্তিই বিড়ালটিকে তার এয়ারগান দিয়ে গুলি করেছেন। ঘটনার পর দীপক সরকার বিষয়টি কাউকে না জানানোর জন্য তাঁকে অনুরোধও করেন।
এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় পশুপ্রেমীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কথা হালদার। তিনি অভিযুক্তের কাছ থেকে সেই এয়ার গানটি উদ্ধার করেন এবং স্থানীয় থানায় অভিযোগ জানান। পশুপ্রেমীদের বক্তব্য, ‘এভাবে অবলা প্রাণীদের ওপর নৃশংস অত্যাচার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে কোনও মানুষ এই ধরণের জঘন্য কাজ করার সাহস না পায়, তার জন্য তাঁরা প্রশাসনের কাছে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’ পশুপ্রেমীদের দাবি, পশুপাখি ইত্যাদি ভাল না বাসতে পারেন অন্তত তাদের ওপর অমানুষিক অত্যাচার চালাবেন না। আর যেই সমস্ত মানুষ এই সমস্ত ঘৃণিত কাজ করবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে!